• facebook
  • twitter
  • youtube
Monday, 14 September, 2026

রাস্তায় এবার নজর রাখতে চলেছে এআই, ট্রাফিক আইন ভাঙলেই মিলবে জরিমানার ই-চালান

তবে প্রতারণার হাত থেকে বাঁচতেও এআই-কে ব্যবহার করার পরামর্শ দিচ্ছে খোদ পুলিশই। কারণ পুলিশের মতে, এআই ব্যবহার করুন

রাস্তায় এবার নজর রাখতে চলেছে এআই, ট্রাফিক আইন ভাঙলেই মিলবে জরিমানার ই-চালান

AI Camera Traffic System Photo-SNS

রাস্তায় অনেক সময়ই ট্রাফিক আইন ভাঙতে দেখা যায়। আর তা ভেঙে জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে যান চালকরা বলে অভিযোগ। তবে এখন আর পুলিশের চোখে ফাঁকি দিয়ে এভাবে বেরিয়ে যাওয়া যাবে না। কারণ এবার থেকে শহরের রাস্তাঘাটে এবং এক্সপ্রেসওয়ে-সহ নানা ব্যস্ত রাস্তায় যানবাহনের গতিবিধির উপর নজর রাখবে এআই ক্যামেরা। গাড়ি চালানোর সময় হেলমেট বা সিট বেল্ট না পরা, নির্দিষ্ট গতির বেশি গতিতে গাড়ি চালানো, লালবাতি না মানা অথবা যত্রতত্র গাড়ি পার্ক করলে ক্যামেরায় ধরা পড়বে গাড়ির নম্বর। আর নিয়ম অনুযায়ী জারি হয়ে যাবে ই-চালান।

এই ব্যবস্থা হতে চলেছে। তার ফলে ট্রাফিক আইন না মানলে অথবা ভাঙলে পড়তে হবে জরিমানার মুখে। এতদিন রাস্তায় থাকত ট্রাফিক পুলিশ। তাঁদের চোখে মাঝেমধ্যে ফাঁকি দেওয়া যেত। অনেক চালকই তর্ক জুড়ে দিতেন। আবার সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিয়ম ভাঙা গাড়িকে ধরা হতো। তাতেও কিছু সমস্যা ছিল। এবার সেই ব্যবস্থায় আরও এক ধাপ প্রযুক্তির সংযোজন করা হচ্ছে এআই ক্যামেরা। এই ক্যামেরা শহরের নানা রাস্তা এবং অলিগলিতে যানবাহনের গতিবিধি নজরে রাখবে। ট্রাফিক নিয়মের উপরও এভাবেই কড়া নজরদারি রাখা হবে। হেলমেট না পরে মোটরবাইক চালালেও এবার ধরা পড়ে যাবে সবকিছু। আর তারপরই পৌঁছে যাবে জরিমানার ই-চালান।

তবে প্রতারণার হাত থেকে বাঁচতেও এআই-কে ব্যবহার করার পরামর্শ দিচ্ছে খোদ পুলিশই। কারণ পুলিশের মতে, এআই ব্যবহার করুন! তবে সেটা সবাইকে নয়। সেই সব মানুষকে ব্যবহার করতে বলা হচ্ছে যাঁরা দুর্গাপুজোর সময়ে বেড়াতে যাচ্ছেন। সপরিবারে যাঁরা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন, তাঁদের অনেকেই ট্র্যাভেল এজেন্টদের বিপুল প্যাকেজের জেরে নিজেরাই ইন্টারনেটে হোটেল-রিসর্ট বুক করেন। আর সেটা করতে গিয়েই পেমেন্টের সময়ে প্রতারণার শিকার হচ্ছেন। তাই পুলিশের পক্ষ থেকে পরামর্শ, ইন্টারনেটে ছবি দেখার পরে সেখানে থাকা ফোন নম্বরে একবার মাত্র যোগাযোগ করেই টাকা পেমেন্ট করা উচিত নয়। বরং ওই নম্বর এবং সংশ্লিষ্ট লিঙ্ক এআই-তে ফেলে জেনে নেওয়া হোটেল এবং তার ছবি ভুয়ো নাকি আসল?

তাছাড়া পুলিশ সূত্রে খবর, এআই’ সহজেই জানিয়ে দেবে সেটি ভুয়ো কিনা। প্রাথমিকভাবে ওই হোটেলের সঙ্গে কথা বলে আশ্বস্ত হওয়ার পরে চেষ্টা করুন স্পটে গিয়ে রুম বুক করতে। পুলিশের এই পরামর্শ সাধারণ মানুষের পছন্দ হয়েছে। আর তাই পুলিশের পক্ষ থেকে একদিকে ট্রাফিক ব্যবস্থায় যেমন এআই নিয়ে আসা হচ্ছে তেমন নাগরিকদেরও সচেতন করা হচ্ছে।