• facebook
  • twitter
  • youtube
Tuesday, 7 July, 2026

শ্যামাপ্রসাদ জন্মজয়ন্তী পালন মেটিয়াবুরুজের মাদ্রাসায়

মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ ইবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাহিত্যিক শিবশঙ্কর বক্সী, সমর শঙ্কর চট্টোপাধ্যায় এবং শেখ আব্দুল মান্নান

শ্যামাপ্রসাদ জন্মজয়ন্তী পালন মেটিয়াবুরুজের মাদ্রাসায়

Photo: Representational Image

মেটিয়াবুরুজের সাতঘরা হাই মাদ্রাসায় পালিত হল ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আলোচনা সভা, বক্তৃতা প্রতিযোগিতা-সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয় এদিন।

মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ ইবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাহিত্যিক শিবশঙ্কর বক্সী, সমর শঙ্কর চট্টোপাধ্যায় এবং শেখ আব্দুল মান্নান। বক্তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা বিস্তারে অবদান, জনজীবনে তাঁর ভূমিকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তার উপর আলোকপাত করেন।

সমর শঙ্কর চট্টোপাধ্যায় এদিন বলেন, কোনও ধর্মই মানুষকে ঘৃণা করতে শেখায় না, স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করেই বিভেদ তৈরি হয়। অন্যদিকে শেখ আব্দুল মান্নান দাবি করেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দীর্ঘদিন ভুলভাবে তুলে ধরা হয়েছে। তাঁর কথায়, তিনি হিন্দু-মুসলিম সমন্বয়ের অন্যতম প্রবক্তা ছিলেন এবং ফজলুল হকের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্বও সামলেছিলেন।

অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে বক্তৃতা প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।