• facebook
  • twitter
Thursday, 12 March, 2026

নেতাজির অস্থি ভারতে ফেরানোর আর্জি শুনতে রাজি নয় শীর্ষ আদালত

বেঞ্চ স্পষ্ট করে দেয়, মামলার আবেদনকারী যেহেতু উত্তরাধিকারী নিজে নন, তাই তাঁর নিজেকেই আদালতের দ্বারস্থ হওয়া উচিত।

প্রতিনিধিত্বমূলক চিত্র

নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্থি জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার দাবি নিয়ে দায়ের হওয়া আর্জি শুনতে রাজি হল না দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ ওই আবেদন খারিজ করে দেয়।

জানা গিয়েছে, নেতাজির প্রপৌত্র সাংবাদিক অশীষ রায়ের তরফে এই আর্জি দায়ের করা হয়েছিল। আদালতে তাঁর পক্ষে সওয়াল করেন জ্যেষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি। তবে শুনানির শুরুতেই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, একই ধরনের আর্জি আগেও একাধিকবার আদালতে এসেছে এবং তা খারিজ হয়ে গিয়েছে।

Advertisement

এদিন বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঁচোলি। আদালতের মন্তব্য, ‘এই বিষয়টি আর কতবার আদালতের সামনে আসবে?’ আদালত স্মরণ করিয়ে দেয়, সাম্প্রতিক অতীতেও একই ধরনের একটি মামলা খারিজ করা হয়েছিল। মামলার শুনানির সময় অভিষেক মনু সিংভি জানান, নেতাজির একমাত্র আইনগত উত্তরাধিকারী তাঁর কন্যা অনিতা বসু পাফ। তিনি এই আবেদনের পক্ষে রয়েছেন বলেও আদালতকে জানান আইনজীবী।

Advertisement

আদালতের মন্তব্য, ‘উত্তরাধিকারী নিজে আবেদনকারী নন। তাঁকেই সরাসরি আমাদের সামনে আসতে হবে। পর্দার আড়ালে থেকে আইনি লড়াই করা যায় না।’ আদালত আরও জানায়, নেতাজি দেশের অন্যতম মহান জাতীয় বীর, তাঁর স্মৃতির প্রতি আদালত গভীর শ্রদ্ধা জানায়। কিন্তু এই ধরনের আবেদনের পেছনে সময় ও কারণ সম্পর্কে আদালতও অবগত।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জাপানের রাজধানী টোকিওর রেনকোজি মন্দিরে সংরক্ষিত রয়েছে বলে দাবি করা হয় নেতাজির অস্থি ভস্ম। আবেদনে অভিযোগ করা হয়েছিল, কেন্দ্রীয় সরকার এতদিনেও সেই অস্থি ভারতে ফেরানোর উদ্যোগ নেয়নি। নেতাজির কন্যা যাতে ভারতে শেষকৃত্য সম্পন্ন করতে পারেন, সেই দাবি জানানো হয়েছিল আবেদনে।

Advertisement