• facebook
  • twitter
  • youtube
Thursday, 15 October, 2026

‘১১ হাতের দরকার আছে’, দুর্গা প্রতিমার একাদশভূজা নিয়ে যুক্তি দেখালেন দিলীপ

তবে ঘুরিয়ে ফিরিয়ে সরকারের প্রশংসাই করলেন তিনি। তার সঙ্গে পরিসংখ্যানও তুলে ধরেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। এই বিষয়ে দিলীপ

‘১১ হাতের দরকার আছে’, দুর্গা প্রতিমার একাদশভূজা নিয়ে যুক্তি দেখালেন দিলীপ

Dilip Ghosh Photo-SNS

আর কয়েক ঘণ্টা। তারপরই শুরু হয়ে যাবে দুর্গাপুজোর মহাষষ্ঠী তিথি। দেবীর বোধন দিয়ে শুরু হয়ে যাবে পুজো। ইতিমধ্যে মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতির কাজ। আলো থেকে শুরু করে নানা সৌন্দর্যে সেজে উঠেছে শহর। শপিং মোটামুটি সবার শেষ হয়ে গিয়েছে। এবার শুরু হবে প্যান্ডেল হপিং। মহালয়ার পর থেকে সামান্য শুরু হলেও সেভাবে বিপুল পরিমাম মানুষ এখনও বের হয়নি। কিন্তু তার মধ্যেই বিতর্ক তৈরি হয়েছে রাজ্য সরকারের প্রকাশিত নানা বিজ্ঞাপন এবং পোস্টারকে ঘিরে। মা দুর্গা দশভূজা থেকে কোথাও একাদশভূজা হয়ে পড়েছে। আবার কোথাও দ্বাদশভূজাও দেখা গিয়েছে।

এখানেই শেষ নয়, হাতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কোথাও আবার কার্তিক ঠাকুরের মূর্তি নেই। সেখানে দুটি সরস্বতি দেখা গিয়েছে। এমন নানা ঘটনা ঘটতে শুরু করেছে শহরজুড়ে। তার মধ্যেই দুর্গাপুজোর আগে রাজ্য সরকারের কয়েকটি বিজ্ঞাপন এবং পোস্টারে দুর্গা প্রতিমার এই ১১টি হাত দেখা যাওয়া নিয়ে বিতর্ক চরমে উঠেছে। এই নিয়ে বিতর্ক যখন চলছে তখন এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের যুক্তি, ‘যেভাবে সরকার কাজ করছে, ১০ হাতে হচ্ছে না। ১১ হাতের দরকার আছে। তাই হয়তো হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।’ যদিও পরে বিতর্ক যাতে না হয় তাই বললেন, ‘এটি কোনও শিল্পীর ভুল হতে পারে। সাবধান থাকা উচিত।’

তবে ঘুরিয়ে ফিরিয়ে সরকারের প্রশংসাই করলেন তিনি। তার সঙ্গে পরিসংখ্যানও তুলে ধরেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘এতদিন দুর্গাপুজো নিয়ে মানুষের মধ্যে কোনও আবেগ ছিল না। এবার সত্যিকারের দুর্গাপুজো হচ্ছে রাজ্যে। মানুষের মন ভোলানোর জন্য টাকা দেওয়া হতো। পালাবদলের পর রাজ্যে উৎসবের পরিবেশ তৈরি করেছে রাজ্য সরকার। মহালয়া থেকেই বোধন শুরু হয়েছে। গোটা পশ্চিমবঙ্গে শারদীয়ার সুর বেঁধে দিয়েছে। অতিরিক্ত ১২-১৩ হাজার দুর্গাপুজোকে অনুদান দেওয়া হয়েছে। ৪৫ হাজার দুর্গাপুজোর জায়গায় ৫৮ হাজার দুর্গাপুজো এবার অনুদান পেয়েছে।’

তাছাড়া  মহাপঞ্চমীতেই মেতে উঠেছেন মানুষজন। নানা জায়গায় যেতে শুরু করেছেন। সেজে উঠেছে গোটা কলকাতা শহর। সব মিলিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘রাজ্যের উৎসবকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে গোটা কলকাতাকে সাজিতে তোলা হয়েছে। গ্রামের লোকজনের মধ্যে বিপুল উৎসাহ দেখা যাচ্ছে। সবাই খুশি আছে। তাই সত্যিকারের দুর্গাপুজো এবার হচ্ছে। কিছু জায়গায় আল্পনায় সাজানো হয়েছে। সবই হচ্ছে।’