• facebook
  • twitter
  • youtube
Wednesday, 18 November, 2026

‘ইউপি করব, গুজরাট করব, কারও বাপের হিম্মত থাকলে আটকাক’, হুঙ্কার দিলীপের

তাছাড়া মহিলাদের উপর কুনজর দিলে এভাবেই এনকাউন্টার করা হবে বলে হুঁশিয়ারি দেন পঞ্চায়েতমন্ত্রী। নানা প্রেক্ষিত তুলে সমাজমাধ্যমে

‘ইউপি করব, গুজরাট করব, কারও বাপের হিম্মত থাকলে আটকাক’, হুঙ্কার দিলীপের

Dilip Ghosh Photo-SNS

পশ্চিমবঙ্গকে ইউপি করতে কী অসুবিধা? কারও অসুবিধা থাকলে বাংলাদেশে চলে যাক। বিনা ভিসায় পাঠিয়ে দেব। এনকাউন্টারের পক্ষে সওয়াল করে এমনই হুঙ্কার ছাড়লেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। পশ্চিমবাংলায় এনকাউন্টার চলবে বলে সাফ জানিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। একইসঙ্গে কোনও রাখঢাক না করে তাঁর হুঙ্কার, দরকারে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ, গুজরাট হবে। যার না পোষাবে, সে যেন বাংলাদেশে চলে যায়। এই কথা বলার পর থেকেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। সমাজমাধ্যমেও রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী যা বলেছেন তা নিয়ে এখন বিরোধীরা তোপ দাগতে শুরু করে দিয়েছেন।

এদিকে ৬ মাস হয়েছে রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে রাজ্যের নানা প্রান্তে পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। বিচারবিভাগের উপর আস্থা না রেখে কেন এই পন্থা সেটা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। বিরোধীদের অভিযোগ, এভাবে চলতে থাকলে বিচারব্যবস্থার উপর আস্থা হারাবে মানুষ। বাংলা ইউপি, গুজরাট হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করছেন বিরোধীরা। এই বিষয়ে বুধবার প্রশ্ন করা হলে দিলীপ ঘোষের হুঙ্কার, ‘বাংলাকে ইউপি, গুজরাট করব। কারও বাপের হিম্মত থাকলে আটকাক। যার বাংলায় থাকতে অসুবিধা হচ্ছে চলে যাক। হিন্দু মা-বোনেদের দিকে তাকালে দোষীদের এনকাউন্টারের মতো পরিণতিই হবে। ৫ কেন সেক্ষেত্রে ৫০০ এনকাউন্টারও কম পড়বে।’

অন্যদিকে ৬ মাসের সরকারে ৫টি এনকাউন্টার হয়েছে। তা নিয়ে বিরোধীরা বেশ সরব। এদিন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী যা বলেছেন সেটা সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের তোপ, ‘প্রয়োজন হলে আরও অনেক কিছুই হবে। শুধু এনকাউন্টার কেন? বুলডোজার চলছে কিনা? গোটা সমাজ, রাজনীতির অপরাধীকরণ হয়ে গিয়েছে। তাকে ঠিকঠাক করতে আইন কাজ করছে, পুলিশ কাজ করছে। বাংলা ইউপি হলে অসুবিধা কোথায়? অসুবিধা থাকলে বাংলাদেশে চলে যাক। বিনা ভিসায় পাঠিয়ে দেব। দরজা খুলে দিচ্ছি। যার বাংলায় থাকতে অসুবিধা হচ্ছে চলে যাক।’

তাছাড়া মহিলাদের উপর কুনজর দিলে এভাবেই এনকাউন্টার করা হবে বলে হুঁশিয়ারি দেন পঞ্চায়েতমন্ত্রী। নানা প্রেক্ষিত তুলে সমাজমাধ্যমে অনেকেই পশ্চিমবঙ্গের নিজস্ব সত্ত্বা ভূলুণ্ঠিত হচ্ছে বলে অভিযোগ করছেন। অনেকের দাবি, পশ্চিমবঙ্গ ধীরে ধীরে উত্তরপ্রদেশ হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। আর দিলীপ ঘোষের চরম বার্তা, ‘হিন্দু মা বোনেদের দিকে খারাপ নজরে তাকালে বীরভূমের মতো অবস্থা হবে। ৫০০ এনকাউন্টার হলেও কম হবে। ৫০ বছর ধরে গ্রামবাংলায় দাপিয়ে বেরিয়েছে দুষ্কৃতীরা। মা বোনেরা ভয় ভয়ে বাজার হাটে যেতেন। এসব এখন আর চলবে না।’