• facebook
  • twitter
  • youtube
Sunday, 6 September, 2026

প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, ক্যামাক স্ট্রিট কাণ্ডে নয়া মোড়

আগামী বুধবার ৯ সেপ্টেম্বর প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীরকে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, ক্যামাক স্ট্রিট কাণ্ডে নয়া মোড়

Former IPS Humayun Kabir Photo-SNS

ক্যামাক স্ট্রিট কাণ্ডের ঘটনায় এবার পুলিশের নোটিস গেল প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বাড়িতে। রবিবার সকালে তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। আগামী সপ্তাহেই তাঁকে থানায় হাজির হয়ে জিজ্ঞাসাবাদে মুখোমুখি হতে বলা হয়েছে। এদিন সাতসকালেই প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীরের বাসভবনে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। এমনকী তাঁর কসবার বাড়িতে হঠাৎ অভিযান চালায় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। এর আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তারপর রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়ও পুলিশের মুখোমুখি হয়েছিলেন।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দু’বার হুমায়ুন কবীরের বাড়িতে নোটিস দিতে যান পুলিশ অফিসাররা। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। তার ফলে নোটিস দেওয়া সম্ভব হয়নি। রবিবার সাতসকালে আবার তাঁর বাড়িতে যায় পুলিশের একটি দল। বেশ কিছুক্ষণ দরজায় ডাকাডাকির পর বাড়ির ভিতর থেকে এক কর্মী বেরিয়ে আসেন। তাঁর হাতেই নোটিস তুলে দেন পুলিশ অফিসাররা। ক্যামাক স্ট্রিট বিষয়ক ঘটনার তদন্তের সূত্র ধরেই প্রাক্তন এই পুলিশ অফিসারের বাসভবনে হানা দিয়েছে শেক্সপিয়ার সরণি থানার তদন্তকারী দল।

এদিকে আগামী বুধবার ৯ সেপ্টেম্বর প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীরকে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাই এই আইনি নোটিস হস্তান্তরের জন্যই রবিবার সকালে তাঁর কসবার বাসভবনে পৌঁছয় পুলিশের টিম। এই নোটিস দেওয়ার সময় প্রাক্তন এই পুলিশ অফিসার বাড়িতে উপস্থিত না থাকায় তাঁর নিযুত নিরাপত্তারক্ষীই শেক্সপিয়ার সরণি থানার আনা সেই সরকারি নোটিস গ্রহণ করেছেন।

অন্যদিকে গত ২৭ আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে লাগানো বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়েছিল। কলকাতা পুরসভার কর্মীরা বিলবোর্ড খুলতে গেলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির অভিযোগও উঠেছিল। পুলিশের দাবি, অফিসে প্রবেশ করতে গেলে পুলিশকর্মীর সঙ্গে হাতাহাতি হয়। মহিলা পুলিশকর্মীদের শ্লীলতাহানী হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এবার তলব করার নোটিস দেওয়া হলো হুমায়ুন কবীরকে। ক্যামাক স্ট্রিটের ওই ঘটনার তদন্তে হুমায়ুন কবীরের ভূমিকা খতিয়ে দেখতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। এই বিষয়ে হুমায়ুন কবীর বলেন, ‘সঠিক নোটিস তাদের কাছে ছিল না। গ্যাস কাটার নিয়ে এসেছিল পুলিশ। অনৈতিকভাবে কাউকে ঢুকতে দেওয়া যায় নাকি! সেটাই বলা হয়েছে। নোটিস দিয়েছে পুলিশ। আমি সঠিক দিনেই যাব। যদি কাজ পড়ে যায় তাহলে পুলিশের সঙ্গে যোগাযোগ করেই যাব। পুলিশকে কোনও ধাক্কা দেওয়া হয়নি সেদিন।’ তবে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য, ‘আইনের উর্ধ্বে কেউ নন।’