সংশোধনাগারে থেকেও যেন বিপদ কাটছে না শান্তনু সিনহা বিশ্বাসের। বিতর্কের পর বিতর্কে জড়িয়ে পড়ছেন তিনি। এবার ফের লালবাজারের দুই আধিকারিকের পোস্টিংকে ঘিরে বিতর্কে জড়াল তাঁর নাম।
অভিযোগ, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি বার্গলারি স্কোয়াড এবং অ্যান্টি চিটিং-এর মতো গুরুত্বপূর্ণ শাখার ওসি হিসেবে দু’জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে। তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন আধিকারিকদের একাংশ। অভিযোগ, জেলে থেকেও কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস নিজের প্রভাব খাটানোর চেষ্টা করছেন।
শনিবারের এই রদবদলকে ঘিরে গোয়েন্দা বিভাগে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শান্তনুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সত্যজিৎ কর্মকারকে অ্যান্টি বার্গলারি স্কোয়াডের ওসি করা হয়েছে। অভিযোগ, শান্তনু সিনহা বিশ্বাসের প্রভাবেই তিনি কালীঘাট থানার ওসি হয়েছিলেন। পরে তাঁকে নির্বাচন কমিশন সেই পদ থেকে সরিয়ে গুন্ডাদমন শাখার ওসি হিসেবে পাঠায়। অন্যদিকে, অপসারিত পোস্তা থানার ওসি জয়ঙ্কবিকাশ মিদ্যাকে গোয়েন্দা বিভাগের অ্যান্টি চিটিং শাখার ওসি করা হয়েছে।
এই দুই নিয়োগ নিয়েই প্রশ্ন উঠছে। অভিযোগ, ‘তৃণমূল আমলে যাঁরা কলকাতা পুলিশে ছড়ি ঘুরিয়েছেন, তাঁরাই কীভাবে বিজেপি সরকারের আমলেও ভালো পোস্টিং পাচ্ছেন?‘ প্রশ্ন উঠছে, যোগ্য আধিকারিকদের বাদ দেওয়া হচ্ছে কেন? যদিও এই বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। একাংশের দাবি, সমস্ত নিয়ম মেনেই এই পোস্টিং করা হয়েছে।




