একুশে জুলাইয়ের কর্মসূচিকে সামনে রেখে প্রস্তুতি তুঙ্গে তৃণমূল কংগ্রেসের। ধর্মতলায় ঐতিহাসিক শহিদ দিবসের সমাবেশের আগে গান্ধী মূর্তির পাদদেশ এবং সংলগ্ন এলাকা পরিদর্শনে এলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পরিদর্শনে উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়, জাভেদ খান, স্নেহাশিস চক্রবর্তী-সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী। এরই মাঝে ২১ জুলাইয়ের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমন্ত্রণ জানালেন ঋতব্রত তৃণমূল গোষ্ঠী। জানিয়েছেন,’আমরা সকলেই চাই ওনাকে পরামর্শদাতা হিসেবে। চাই উনি আসুন।’ অর্থাৎ, যে মমতা বন্দ্যোপাধ্য়ায় ২১ জুলাইয়ের নেপথ্যে, যার নেতৃত্বে ৩৩ বছর আগে আন্দোলন হয়েছিল, আজ একুশের অনুষ্ঠানে তিনিই আমন্ত্রিত!
একুশে জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে প্রতি বছরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী ও সমর্থক কলকাতায় আসেন। সেই কারণে সমাবেশস্থল ও সংলগ্ন এলাকায় আগাম প্রস্তুতি এবং ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই এদিনের এই পরিদর্শন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
গান্ধী মূর্তির পাদদেশ ঘুরে দেখেন তৃণমূল নেতৃত্ব। কর্মী-সমর্থকদের যাতায়াত, জমায়েতের ব্যবস্থা এবং সামগ্রিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তাঁরা। এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ উপস্থিত নেতারা দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। একুশে জুলাইয়ের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়।
ধর্মতলা চত্বর এবং গান্ধী মূর্তির পাদদেশ ঘিরে ইতিমধ্যেই একুশে জুলাইয়ের রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। হাতে সময় থাকলেও প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা কর্মী-সমর্থকদের সুবিধার কথা মাথায় রেখে দলীয় স্তরে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। কোথায় কর্মীরা জমায়েত করবেন, কীভাবে সমাবেশস্থলের দিকে যাবেন এবং ভিড় সামাল দেওয়ার ক্ষেত্রে দলীয় স্বেচ্ছাসেবকদের ভূমিকা কী হবে—এই সমস্ত বিষয় নিয়েও নজর দেওয়া হচ্ছে।
তৃণমূল নেতৃত্বের এই পরিদর্শনকে ঘিরে এদিন গান্ধী মূর্তির পাদদেশে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। শহিদদের স্মরণে প্রতি বছর ধর্মতলায় এই সমাবেশের আয়োজন করে তৃণমূল। এবারও সেই কর্মসূচিকে সফল করতে আগেভাগেই মাঠে নেমেছে দলীয় নেতৃত্ব।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ রায়, জাভেদ খান এবং শুভাশিস চক্রবর্তী-সহ নেতৃত্বের উপস্থিতিতে এদিনের পরিদর্শন একুশে জুলাইয়ের প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করেছে।
সমাবেশের দিন যাতে কর্মী-সমর্থকদের কোনও সমস্যার মুখে পড়তে না হয়, সেই বিষয়টিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এবং কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দলীয় কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার প্রস্তুতিও চলছে।
সব মিলিয়ে একুশে জুলাইয়ের কাউন্টডাউন শুরু হতেই ধর্মতলা এবং গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি এখন পুরোদমে। শীর্ষ নেতৃত্বের পরিদর্শনের মধ্য দিয়ে আরও জোরদার হল শহিদ দিবসের সমাবেশের প্রস্তুতি।




