• facebook
  • twitter
  • youtube
Thursday, 10 September, 2026

হাজার হাজার প্রবীণকে নিয়ে প্রিভিউ টুর, দুর্গাপুজোয় বিশেষ উদ্যোগ আদানি গোষ্ঠীর

শিল্পের কাজ, বাস্তবায়ন ও আয়োজনের দক্ষতার মতো বিষয়গুলিকে সামনে রেখে প্রিভিউ শোয়ের জন্য পুজোগুলিকে বেছে নেওয়া হবে। আদানি ফাউন্ডেশন এই পুজোগুলিকে আর্থিক সহায়তা দেবে।

হাজার হাজার প্রবীণকে নিয়ে প্রিভিউ টুর, দুর্গাপুজোয় বিশেষ উদ্যোগ আদানি গোষ্ঠীর

Photo: দুর্গাপুজোয় বিশেষ উদ্যোগ আদানি গোষ্ঠীর (AI)

রাজ্যে পালাবদলের পর চলতি বছরেই বিজেপির প্রথম দুর্গাপুজো। এবারের পুজোকে ঘিরে ইতিমধ্যে রাজ্য-রাজনীতিতে নানা চর্চা চলছে। এর মধ্যে দুর্গাপুজোকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রস্তাব পেল নবান্ন। এবার কলকাতায় প্রবীণদের সঙ্গে নিয়ে দুর্গাপুজোর মণ্ডপে ঘুরবেন দেশ-বিদেশের অতিথিরা। প্রবীণদেরকে সামনে রেখে প্রিভিউ টুর করবে আদানি গোষ্ঠী। রাজ্যকে ঠিক এমনটাই তারা জানিয়েছে।

নবান্ন সূত্রের খবর, প্রায় ১০ হাজারেরও বেশি প্রবীণ নাগরিকদের নিয়ে প্রিভিউ টুর করা হবে। ১০-১২ অক্টোবর এই তিনদিন ধরে কলকাতা শহরজুড়ে এই প্রিভিউ টুর হবে। মোট আটটি পুজোয় তাঁরা অংশ নেবেন। চলতি বছরে ১০ অক্টোবর মহালয়া। সেদিন ইডেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দুর্গাপুজোর সূচনা হবে। ওই দিন থেকেই শুরু হবে আদানি পুজো প্রিভিউ।

দুর্গাপুজোয় রাস্তায় দর্শনার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য প্রথমা ও দ্বিতীয়ার দিনটি বেছে নেওয়া হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতিথিরা আপাতত ভাবে বেছে নেওয়া ওই আটটি পুজোয় ঘুরবে। নবান্ন সূত্রের খবর, আদানি গোষ্ঠী রাজ্যকে যে প্রস্তাব দিয়েছে, তাতে তারা জানিয়েছে পশ্চিমবঙ্গের দুর্গাপুজোয় বিশেষ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কোটি কোটি দর্শনার্থী ও ছোট এবং মাঝারি শিল্পের কাছে তার সুফল পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য।

আরও পড়ুন: রক্ষাকবচ বাতিল হতেই অভিষেকের বাড়িতে সিআইডি ও এসটিএফ, গ্রেপ্তার সুমিত রায়

স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক অতিথিদের মধ্যে থাকবেন সরকারি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সংবাদমাধ্যম, ইনফ্লুয়েন্সার, শিক্ষাবিদ, পড়ুয়া, কর্পোরেটের শীর্ষকর্তা, পুজো আয়োজক-সহ প্রায় ৫০ জন বিশিষ্টজন। শিল্পের কাজ, বাস্তবায়ন ও আয়োজনের দক্ষতার মতো বিষয়গুলিকে সামনে রেখে প্রিভিউ শোয়ের জন্য পুজোগুলিকে বেছে নেওয়া হবে। আদানি ফাউন্ডেশন এই পুজোগুলিকে আর্থিক সহায়তা দেবে। আগামী বছরে এই পুজোর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আদানি গোষ্ঠী।