হৃৎস্পন্দনের ছন্দ স্বাভাবিক রাখতে ৮৭ বছর বয়সি প্রবীণ বাম নেতা বিমান বসুর বুকে পেসমেকার বসানো হয়েছে। বর্তমানে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম শনিবার জানান, দিল্লির এইমসে বিমান বসুর বুকে পেসমেকার বসানো হয়েছে। চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। উদ্বেগের কোনও কারণ নেই।
সেলিম জানান, আপাতত বিমান বসুর সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে নিষেধ করেছেন চিকিৎসকেরা। সিপিএম সূত্রে খবর, শুক্রবার একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন বিমান বসু। যাত্রাপথে বিমানের মধ্যেই তিনি সামান্য অসুস্থতা অনুভব করেন। দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁকে সরাসরি দলের দিল্লির দফতর একে গোপালন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক শারীরিক পরীক্ষার পর চিকিৎসকেরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই মতো তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়।
৮৭ বছর বয়স হলেও বিমান বসু এখনও যথেষ্ট ফিট বলে দলীয় সূত্রের দাবি। পরিমিত আহার এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনই তাঁর সুস্থতার অন্যতম কারণ বলে মনে করেন তাঁর ঘনিষ্ঠরা। রুটিন স্বাস্থ্যপরীক্ষাতেও আগে কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি। চিকিৎসকেরা তাঁকে পরামর্শ দিয়েছিলেন, পরবর্তী বার দিল্লি গেলে একবার স্বাস্থ্যপরীক্ষা করিয়ে নিতে। সেই মতো শুক্রবার অসুস্থ বোধ করার পর তাঁকে এইমসে ভর্তি করা হয়।
দলীয় সূত্রের খবর, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য বিমান বসু এইমসে যেতেন। তবে এ বার রুটিন পরীক্ষা করানোর আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে।
অন্যদিকে, অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যও হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার পেটের ডান দিকে ব্যথা অনুভব করায় তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সিটি স্ক্যানে পেটের ডান দিকে কোনও সমস্যা ধরা পড়েনি। তবে বাঁ দিকে একটি পুরু আস্তরণ দেখা গিয়েছে। সেটি কী কারণে হয়েছে, তা জানতে শনিবার তাঁর কোলনোস্কোপি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। পেটের ব্যথাও অনেকটাই কমেছে। ৭৬ বছর বয়সি মীরা ভট্টাচার্য চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।




