বেলেঘাটার রামকৃষ্ণ নস্কর লেনের একটি কালীমন্দিরে চুরির ঘটনায় রাজু পল্লে নামে ২০ বছরের এক যুবককে গ্রেপ্তার করল বেলেঘাটা থানার পুলিশ। ধৃত চিংড়িঘাটার পারঘাটার বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত চিন্টু পল্লে। ২ সেপ্টেম্বর বেলেঘাটা মেন রোডের লেবুগোলা বস্তিতে তাঁর শ্বশুরবাড়ি থেকে রাজুকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১ সেপ্টেম্বর মন্দিরে চুরির অভিযোগে বেলেঘাটা থানায় মামলা দায়ের হয়। অভিযোগ, রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে দুষ্কৃতীরা বিগ্রহের অলংকার, পুজোর সামগ্রী এবং প্রণামী বাক্স নিয়ে চম্পট দেয়। ঘটনায় স্থানীয় বাসিন্দা শান্তনু চক্রবর্তী লিখিত অভিযোগ দায়ের করেন।
চুরি যাওয়া সামগ্রীর তালিকায় রয়েছে লক্ষ্মী-নারায়ণের একটি পাথরের বিগ্রহ, গোপালের দুটি পিতলের বিগ্রহ, রাধাকৃষ্ণের দুটি বিগ্রহ, পাঁচটি তামার সিংহাসন, পিতলের পুজোর সামগ্রী, সাতটি রুপোর চূড়া, ১০ গ্রাম ওজনের একটি সোনার হার এবং ২ গ্রাম ওজনের একটি সোনার চূড়া। প্রণামী বাক্সের নগদ টাকাও খোয়া যায়। মন্দিরের গর্ভগৃহে থাকা শনিদেবের বিগ্রহও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার তদন্তে নেমে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। পাশাপাশি মন্দির ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। চুরি যাওয়া সামগ্রী কোথায় পাচার হতে পারে, তা জানতে স্থানীয় ব্যবসায়ী ও বন্ধকের দোকানগুলিতেও খোঁজ শুরু হয়।
তদন্তে রাজু পল্লের সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠে আসে। নির্দিষ্ট সূত্রে তাঁর অবস্থান জানার পর লেবুগোলা বস্তির শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, রাজুর কাছ থেকে চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।




