• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

দুর্গাপুজোর আগেই শহরের পার্কিং ব্যবস্থায় নয়া মোড়, বেআইনি পার্কিংয়ে বাড়বে জরিমানা

গাড়ি কিনলে পার্কিং কিনতেই হবে বলে জানিয়ে দিয়েছেন পুরমন্ত্রী। এমনকী বলা হয়েছে, ফুটপাতে গাড়ি মোটরবাইক রাখলেই জরিমানা করা হবে

দুর্গাপুজোর আগেই শহরের পার্কিং ব্যবস্থায় নয়া মোড়, বেআইনি পার্কিংয়ে বাড়বে জরিমানা

Car Parking Photo-SNS

দুর্গাপুজোর আগেই শহরের পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবার হচ্ছে পার্কিংয়ের ক্ষেত্রে কড়াকড়ি। শহরে বেআইনি পার্কিংয়ের দৌরাত্ম্যে মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছেন। তা নিয়ে নানা অভিযোগ জমা পড়েছে। এবার পার্কিং নিয়ে কোনও অভিযোগ না রাখতে পুলিশের সঙ্গে পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল একসঙ্গে কাজ করার পরিকল্পনা করেছেন। শহরের বৈধ পার্কিংকে চিহ্নিত করার কাজও হচ্ছে। কলকাতা পুরসভা এলাকায় মোট ১৫ হাজার বৈধ পার্কিংকে ইতিমধ্যেই চিহ্নিতকরণ করা হয়েছে। এই পার্কিংগুলিতে এবার নতুন করে টেন্ডার ডাকা হবে।

এদিকে এই টেন্ডার করা কর্মীদের দেওয়া হবে আইডি কার্ড। এমনকী থাকবে নতুন পোশাকও। পার্কিং নিয়ে নতুন অ্যাপ নিয়ে আসছে রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমে দেওয়া যাবে পার্কিং ফি। কোথায় পার্কিং খালি রয়েছে সেই সংক্রান্ত তথ্যও থাকবে অ্যাপে। শুক্রবার নবান্নে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে কলকাতা, হাওড়া এবং বিধাননগর পুলিশ কর্তাদের বৈঠক হয়। তারপরই জানা যায়, বেআইনি পার্কিংয়ের ক্ষেত্রে জরিমানা বা পেনাল্টি বাড়াতে চলেছে রাজ্য সরকার। এমনকী নাইট পেনাল্টির চার্জও এবার বাড়বে। সমস্তরকমের গাড়ির জন্যই পার্কিং কিনতে হবে। যা কার্যকর হবে নাইট পার্কিংয়ের ক্ষেত্রেও।

অন্যদিকে গাড়ি কিনলে পার্কিং কিনতেই হবে বলে জানিয়ে দিয়েছেন পুরমন্ত্রী। এমনকী বলা হয়েছে, ফুটপাতে গাড়ি মোটরবাইক রাখলেই জরিমানা করা হবে। আর অ্যাপ পার্কিং ব্যবস্থাও চালু করা হচ্ছে। যা হবে সম্পূর্ণ ক্যাশলেস। পার্কিং নিয়ে আগে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেসব যাতে না হয় তার জন্যই এমন পদক্ষেপ করা হচ্ছে। কদিন আগেই রাতে পার্কিং পরিদর্শনে বেরিয়ে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তখন একাধিক বেআইনি পার্কিং দেখতে পেয়েছিলেন তিনি। সতর্ক করেছিলেন চালকদের। আর পুলিশকে কড়া হাতে তা দমন করতে নির্দেশ দিয়েছিলেন।

তাছাড়া কলকাতা পুরসভার অন্তর্গত এলাকায় ১০ হাজার পার্কিংয়ের ক্ষেত্রে টেন্ডার হবে। ৪ হাজার এমন এলাকা রয়েছে যেখানে পার্কিং হয় কিন্তু রাজস্ব আদায় হয় না। এবার সেটির ক্ষেত্রেও বদল ঘটানো হবে। পাশাপাশি আগামী ৩০ বছরের কথা ভেবে মাল্টিলেভেল পার্কিংও তৈরি করা হবে বলে জানানো হয়েছে। ডালহৌসি এবং রুবিতে ওভারব্রিজ তৈরি করা হবে। মেট্রোপলিটন রাজারহাট সেতু দ্রুত নির্মাণ শুরু নিয়েও আলোচনা হয়েছে শুক্রবারের বৈঠকে। এদিন নবান্নে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে দেখা করেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।