• facebook
  • twitter
  • youtube
Thursday, 20 August, 2026

শপিং মলের পাশে আবর্জনার স্তূপ, রাস্তায় নেমে ডাস্টবিন বিলি অগ্নিশর্মা অগ্নিমিত্রার

তাছাড়া অগ্নিমিত্রা পাল পুরদপ্তরের মন্ত্রী হওয়ার পর থেকেই শহরের রাস্তাঘাট আমূল সংস্কারে হাত দিয়েছেন। শহর পরিচ্ছন্ন রাখতে ফুটপাত

শপিং মলের পাশে আবর্জনার স্তূপ, রাস্তায় নেমে ডাস্টবিন বিলি অগ্নিশর্মা অগ্নিমিত্রার

Minister Agnimitra Paul Photo-SNS

শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার জন্য বাজার এলাকা থেকে শুরু করে শহরের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এবার আবার সেই কাজে নিজেই রাস্তায় নামলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। যত্রতত্র আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় সেটা ফেলার বার্তা দিয়ে বৃহস্পতিবার শহরের পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে একাধিক এলাকায় ডাস্টবিন বিলি করলেন মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। সেখানেই ছিল একটি ঝাঁ চকচকে শপিং মল। যেখানে শহরের উচ্চবিত্তরা ভিড় করে থাকেন। আর ওই শপিং মলের কাছে গিয়ে নিজে চোখেই দেখলেন আবর্জনার স্তূপ এবং রাস্তায় ছড়ানো ময়লা। যা দেখে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন অগ্নিমিত্রা পাল।

বৃহস্পতিবার পার্ক সার্কাসের ওই নামী শপিং মলের আশপাশের এলাকা দেখে রীতিমতো রেগে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর তৎক্ষণাৎ সেখানের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ডেকে বেশ কয়েকটি ডাস্টবিন বসানোর ব্যবস্থা করেন। ওখানেই কড়া হুঁশিয়ারি দেন পুরমন্ত্রী, এভাবে নোংরা করে শহরের সৌন্দর্যায়নে বাধা তৈরি করলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। পথচলতি সাধারণ মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডাস্টবিন বিলি করার পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতার বার্তাও দেন পুরমন্ত্রী। তাঁর স্পষ্ট নির্দেশ, রাস্তায় যত্রতত্র আবর্জনা ফেলা যাবে না। নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে আবর্জনা ফেলতে হবে। শহরকে পরিষ্কার রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল হতে হবে।

এখানেই শেষ নয়, নামী শপিং মলের সামনে গিয়ে পরখ করলেন পুঁতিগন্ধময় অবস্থা। তার সঙ্গে রাস্তার উপর যত্রতত্র পড়ে আছে নোংরা, আবর্জনা। এই পরিস্থিতি দেখেই তিনি ডেকে নেন পুরসভার কর্মীদের। বেশ কয়েকটি বড় বড় ডাস্টবিন বসাতে নির্দেশ দেন। তখন তা বসানো হয় রাস্তার ধারে। অগ্নিমিত্রা নির্দেশ দেন, যেন এই চত্বরে পর্যাপ্ত ডাস্টবিন থাকে এবং যাতে আর একটি নোংরাও রাস্তায় ফেলা না হয়। এমনকী কলকাতা পুরসভার জঞ্জাল বিভাগকে পুরমন্ত্রীর নির্দেশ, পার্ক সার্কাসের এই অঞ্চলটি পরিচ্ছন্ন করতে হবে যত দ্রুত সম্ভব। একইসঙ্গে রাস্তায় যেখানে-সেখানে গাড়ি পার্কিং করা হচ্ছে কিনা সেটাও পরিদর্শন করেন মন্ত্রী। ফুটপাত দখল করে ব্যবসা বা অন্য কোনও ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন তিনি।

তাছাড়া অগ্নিমিত্রা পাল পুরদপ্তরের মন্ত্রী হওয়ার পর থেকেই শহরের রাস্তাঘাট আমূল সংস্কারে হাত দিয়েছেন। শহর পরিচ্ছন্ন রাখতে ফুটপাত দখলমুক্ত করা, গাড়ি পার্কিং, রাস্তাঘাটে বালি-সিমেন্ট ফেলে রাখা নিয়ে কড়া পদক্ষেপ করেছেন তিনি। শুধু কলকাতাতেই নয়, রাজ্যের সমস্ত বড় শহরগুলি নিজে পরিদর্শন করেই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করছেন তিনি। কলকাতার নানা জায়গায় ফুটপাতের অবস্থা দেখতে অগ্নিমিত্রা প্রায় রোজ সকালেই বের হচ্ছেন। বৃহস্পতিবার পুরমন্ত্রী পার্ক সার্কাসে গিয়ে যে ছবি দেখলেন তাতে অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি। পার্ক সার্কাস এলাকার পরিচ্ছন্নতা, শুদ্ধিকরণে জোর দিতে একগুচ্ছ নির্দেশিকা দেন তিনি। শহরের রাস্তাঘাট পরিষ্কার রাখা এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে নিয়ম মানার উপর জোর দেন মন্ত্রী। প্রশাসনের পক্ষ থেকে নজরদারির পাশাপাশি নাগরিকদের সচেতনতা বাড়ানোর উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান অগ্নিমিত্রা পাল।