• facebook
  • twitter
  • youtube
Tuesday, 11 August, 2026

অফিস টাইমে মেট্রো বিভ্রাট, ব্যাহত পরিষেবা, ভোগান্তির মুখে যাত্রীরা

মেট্রোর তরফে জানানো হয়েছে, দুপুর ১টা ৩২ মিনিটে ‘পাওয়ার ব্লক’ নেওয়া হয়। অর্থাৎ, সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি সারানোর কাজ চলছে। এর ফলে মেট্রো পরিষেবার ব্যবধানও কমানোর চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে।

অফিস টাইমে মেট্রো বিভ্রাট, ব্যাহত পরিষেবা, ভোগান্তির মুখে যাত্রীরা

Photo: File Photo

সপ্তাহ শুরুর দ্বিতীয় দিনেই অফিসের ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট। মঙ্গলবার সকাল থেকেই ব্লু লাইনে মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের সময় নোয়াপাড়া ও বরানগরের মধ্যে সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি ধরা পড়ে। এর জেরে ওই অংশে বেশ কিছুক্ষণের জন্য মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়। সেই সময়ে অনেক মেট্রো ক্যানসেলও করা হয়েছিল। এরপর ফের দুপুরে ‘পাওয়ার ব্লক’ নিয়ে সিগন্যালিং ত্রুটি পুরোপুরি সারানোর কাজ করা হয়। তারপর ৪ টের পর পুরোপুরি পরিষেবা স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে।

মেট্রো সূত্রে খবর, মঙ্গলবার সকালে নিয়মিত পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময় নোয়াপাড়া-বরানগর অংশের সিগন্যালিং নেটওয়ার্কে একটি সমস্যা নজরে আসে। ওই অংশে সিগন্যাল ব্যবস্থা কাজ করছিল না। সকাল ৬টা নাগাদ নোয়াপাড়া–বরানগর অংশে সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটির কারণে স্বাভাবিক পরিষেবা নিয়ন্ত্রিত হয়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ।

এদিন সকাল ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চালানো হয়। সেই সময়ে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল না। সকালের ব্যস্ত সময়ে এই ঘটনায় কিছুটা সমস্যায় পড়েন যাত্রীরা। তবে মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় বড় কোনও সমস্যা তৈরি হয়নি। সকাল সাড়ে ৬টা নাগাদ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা ফের স্বাভাবিক হয়। বর্তমানে নির্ধারিত নিরাপত্তা বিধি মেনেই ওই অংশে ট্রেন চালানো হচ্ছে বলে জানিয়েছে মেট্রো।

সিগন্যালিং ব্যবস্থায় ঠিক কী কারণে এই ত্রুটি দেখা দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার সঙ্গে কোনও রকম আপস করা হবে না। তাই সিগন্যাল ব্যবস্থায় ত্রুটি ধরা পড়ার পরই সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছিল। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাময়িক এই পরিষেবা নিয়ন্ত্রণের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য তাঁরা দুঃখিত। সেই সঙ্গে যাত্রীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নিরাপদ এবং নির্ভরযোগ্য পরিষেবা বজায় রাখতেই প্রয়োজন অনুযায়ী এ ধরনের সতর্কতামূলক পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে।

সকালের সিগন্যালের সমস্যা পুরোপুরি সারতেই দুপুরে ফের মেরামতির কাজ শুরু হয়েছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, দুপুর ১টা ৩২ মিনিটে ‘পাওয়ার ব্লক’ নেওয়া হয়। অর্থাৎ, সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি সারানোর কাজ চলছে। এর ফলে মেট্রো পরিষেবার ব্যবধানও কমানোর চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। ফলে ওই রুটে স্বাভাবিক পরিষেবা মিলছে না। মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত পরিষেবায় এই নিয়ন্ত্রণ থাকতে পারে।

আরও পড়ুন: ক্ষুদিরামের পৈতৃক ভিটের উন্নয়নে শাহের ফোন, মোহবনির জন্য ৫ কোটি ঘোষণা শুভেন্দুর

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাই তাঁদের প্রধান লক্ষ্য। তাই সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা দিলেই ঝুঁকি না নিয়ে পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে। দ্রুত ত্রুটি মেরামত করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।