• facebook
  • twitter
  • youtube
Tuesday, 11 August, 2026

ক্ষুদিরামের পৈতৃক ভিটের উন্নয়নে শাহের ফোন, মোহবনির জন্য ৫ কোটি ঘোষণা শুভেন্দুর

ক্ষুদিরাম বসুর স্মৃতি ও তাঁর পৈতৃক ভিটেকে ঘিরে আরও উন্নয়নমূলক কাজ করা হবে বলেও তিনি জানান। এর পাশাপাশি স্কুলের পাঠ্যপুস্তকে ক্ষুদিরাম বসুর জীবন ও আত্মবলিদানের কথা আরও বেশি করে তুলে ধরার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ক্ষুদিরামের পৈতৃক ভিটের উন্নয়নে শাহের ফোন, মোহবনির জন্য ৫ কোটি ঘোষণা শুভেন্দুর

Photo: Statesman

ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে মোহবনির উন্নয়নে রাজ্য সরকার কী কী করতে পারে, তা নিয়ে আগেই ভাবনাচিন্তা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তবে সেই পরিকল্পনায় আরও গতি এল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোনে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনিতে ক্ষুদিরামের আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে নিজেই সে কথা জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন মোহবনির উন্নয়নের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, ‘কয়েক দিন আগে সকালে একটি ফোন পেলাম। ফোনটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজীর। বললেন, শুভেন্দু, ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটের ওখানে অনেক কাজ করতে হবে। তুমি কিছু পরিকল্পনা করেছ?’

মুখ্যমন্ত্রীর কথায়, শাহকে তিনি জানিয়েছিলেন, ১১ আগস্ট মোহবনিতে যাওয়ার পরিকল্পনা তাঁর আগে থেকেই ছিল। সেই সঙ্গে মোহবনির উন্নয়ন নিয়েও তাঁর বেশ কিছু ভাবনা রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গেই মঙ্গলবার একাধিক উন্নয়নমূলক ঘোষণা করেন শুভেন্দু।

মোহবনির সার্বিক উন্নয়নের জন্য এদিন মোহবনি উন্নয়ন পর্ষদকে পাঁচ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ক্ষুদিরাম বসুর স্মৃতি ও তাঁর পৈতৃক ভিটেকে ঘিরে আরও উন্নয়নমূলক কাজ করা হবে বলেও তিনি জানান। এর পাশাপাশি স্কুলের পাঠ্যপুস্তকে ক্ষুদিরাম বসুর জীবন ও আত্মবলিদানের কথা আরও বেশি করে তুলে ধরার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: কালীঘাট তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা সুপ্রিম থেকে সরল হাইকোর্টে

মোহবনির উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের উদ্যোগের পিছনে শুধু স্থানীয় প্রয়োজন নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শও রয়েছে। মঙ্গলবারের অনুষ্ঠানে শুভেন্দুর বক্তব্যে সেই বার্তাই উঠে এল। ক্ষুদিরামের স্মৃতিবিজড়িত এই এলাকাকে আরও পরিচিত করে তোলা এবং তাঁর পৈতৃক ভিটেকে ঘিরে পর্যটন ও পরিকাঠামোর উন্নয়নই সরকারের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।