বছর পাঁচেক আগে তরুণ বামনেত্রী ঐশী ঘোষের উপর হামলার ঘটনাকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই মমতাই কলকাতার প্রাক্তন মেয়র তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় সরব। দিল্লি যাওয়ার আগে ঘটনার তীব্র নিন্দা করে মমতা জানিয়েছেন, ইতিমধ্যেই বিকাশরঞ্জনের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। দিল্লি থেকে ফিরে তাঁর সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী।
২০২০ সালে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হয়েছিলেন তৎকালীন ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ। মাথায় চোট পেয়েছিলেন তিনি। সেই সময় ঐশীর মাথার ব্যান্ডেজ নিয়েও কটাক্ষ করেছিলেন মমতা। তাঁর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার প্রায় পাঁচ বছর পর বাম নেতা বিকাশরঞ্জনের বাড়িতে হামলার অভিযোগে সম্পূর্ণ ভিন্ন সুরে সরব হতে দেখা গেল মমতাকে।
বৃহস্পতিবার মমতা বলেন, ‘‘আমরা রাজনৈতিক কর্মী ও তাঁদের পরিবারের উপর বিভিন্ন সময়ে হামলা হতে দেখেছি। এবার কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রবীণ আইনজীবীর বাসভবনেও আক্রমণ চালানো হয়েছে। শোনা যাচ্ছে, লোকজন বাড়িতে ঢুকে পরিবারগুলিকে ভয় দেখাচ্ছে। এটি কি গ্রহণযোগ্য? অতীতে কি এমন কিছু ঘটেছে?’’ এরপরই তিনি জানান, বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। দিল্লি থেকে ফিরে সরাসরি তাঁর সঙ্গে দেখা করবেন বলেও জানান মমতা।
ঘটনাটি ঘটেছে ইএম বাইপাস সংলগ্ন পূর্বালোক এলাকায় বিকাশরঞ্জনের বাড়িতে। অভিযোগ, বৃহস্পতিবার ভোরে বাইকে করে কয়েকজন যুবক তাঁর বাড়ির সামনে আসে। তাঁদের মুখ ঢাকা ছিল বলে দাবি করেছেন বাম নেতা। এমনকি মোটরবাইকের নম্বর প্লেটও কালো কাপড় দিয়ে ঢাকা ছিল বলে অভিযোগ।
বিকাশরঞ্জনের অভিযোগ, বাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছোড়া হয়। ভেঙে দেওয়া হয় জানলার কাচও। হামলাকারীদের কাউকেই চেনা সম্ভব হয়নি বলে দাবি তাঁর। তাঁর অভিযোগ, আচমকা এই হামলা নয়, পরিকল্পনা করেই বাড়িতে হামলা চালানো হয়েছে।
ঘটনার পর পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। ইতিমধ্যেই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং বিকাশরঞ্জনের বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে।




