জনগণনার কাজ করতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। আর তার জন্য ২০২৭ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গেল। এই পরীক্ষাগুলি যে পিছিয়ে যাবে সেটা আগেই বোঝা গিয়েছিল। এবার দুই পরীক্ষার রুটিন চূড়ান্ত করে নবান্নে পাঠাল বিকাশ ভবন। আর তাতে আগের পাওয়া আভাস যেন সত্যি হল। জনগণনার জন্য পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা বলেই সম্ভাব্য পরীক্ষা শুরুর দিন ২ মার্চ, ২০২৭। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ঠিক তার দু’দিন পর শুরু হতে পারে উচ্চমাধ্যমিক। অর্থাৎ ১৯ মার্চ থেকে পরীক্ষা শুরু হতে পারে। সুতরাং ১২ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলার সম্ভাবনা রয়েছে। তবে এটা এখনই চূড়ান্ত নয় বলে বৃহস্পতিবার বিকাশ ভবনে জানান স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ।
তবে নতুন রুটিন অনুযায়ী, ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে প্রায় দুই সপ্তাহ। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিকের তিনদিন পরেই। উচ্চমাধ্যমিক পরীক্ষা অনেকদিন ধরেই চলবে। জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে ২০২৭ সালের ২৫ জানুয়ারি। যা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। একইসঙ্গে চলবে সংশোধনীর কাজও। সব মিলিয়ে আগামী ৫ মার্চ পর্যন্ত এই প্রক্রিয়া চলার কথা। গত জুলাই মাসে বোর্ডের পক্ষ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৭ থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা বলেছিল। তবে বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। সেখানেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের দিনক্ষণের ঘোষণা করেন তিনি। যদিও মন্ত্রী জানান, পরীক্ষার দিন এখনও চূড়ান্ত নয়। শিক্ষা দপ্তর থেকে এই দুই পরীক্ষার রুটিনে অনুমোদন চেয়ে নবান্নে পাঠানো হয়েছে। নবান্নের অনুমোদনের পরই চূড়ান্ত হবে দিনক্ষণ।
মধ্যশিক্ষা পর্ষদের নতুন সূচিতে পরীক্ষা প্রায় ১৫ দিন পিছিয়ে যাচ্ছে। বেলা ১০টা ৪৫ থেকে দুপুর ২টো পর্যন্ত হতে পারে এই পরীক্ষা। আপাতত বোর্ড যে সূচি তৈরি করেছে সেটা নবান্নে পাঠানো হয়েছে। সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হলে বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হবে। সুতরাং ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ মার্চ। চলবে ১৬ মার্চ পর্যন্ত। মাধ্যমিকের তিনদিন পরে ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। ১২ এপ্রিল পর্যন্ত চলবে পরীক্ষা।
তাছাড়া এই পরীক্ষা পিছিয়ে যাওয়া নিয়ে শহর থেকে গ্রামবাংলায় জোর চর্চা শুরু হয়েছে। এই আবহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দীপক বর্মণ বলেন, ‘মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার যে রুটিন, জনগণনার জন্য তা নতুন করে তৈরি করতে হয়েছে। মাধ্যমিকের রুটিন প্রস্তাব করা হয়েছে ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত। আর উচ্চমাধ্যমিকের রুটিন ১৯ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত। সময়টা একটু দীর্ঘ। অল ইন্ডিয়া বেসিস পরীক্ষাগুলির জন্য সময় দেওয়া হয়েছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কারণ এই প্রস্তাবের ফাইল মুখ্যসচিবের কাছে যাবে। ১৯ মার্চ থেকে ১৭ এপ্রিলের মাঝে সর্বভারতীয় পরীক্ষা থাকায় উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে ৭ দিনের গ্যাপ দেওয়া হয়েছে।’




