কলকাতা পুলিশে ফের রদবদল করল লালবাজার। বৃহস্পতিবার এক নির্দশিকায় ওসি এবং অ্যাডিশনাল ওসি পদে কর্মরত মোট ৩৩ জন ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। এর মধ্যে শহরের প্রায় ২০টি থানার ওসি বদল করা হয়েছে। এই রদবদলের ফলে বহু বছর পর একসঙ্গে কলকাতার দু’টি থানার ওসি হিসেবে দায়িত্ব পেলেন দুই মহিলা ইন্সপেক্টর।
উত্তর কলকাতার সিঁথি থানার নতুন ওসি হয়েছেন চামেলি মুখোপাধ্যায়। এর আগে তিনি উল্টোডাঙা মহিলা থানার ওসি ছিলেন। ভোটের আগে কিছুদিন কালীঘাট থানার ওসির দায়িত্বে আনা হয়েছিল। অন্যদিকে টালিগঞ্জ মহিলা থানার ওসি রূপা সিংকে সরশুনা থানার নতুন ওসি করা হয়েছে।
দক্ষিণ কলকাতার ভবানীপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজীব চট্টোপাধ্যায়। ওই থানার প্রাক্তন ওসি সৌমিত্র বসুকে বদলি করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সে (এসটিএফ) পাঠানো হয়েছে। চেতলা থানা নতুন ওসি হয়েছেন মৌসম চট্টোপাধ্যায়। পার্ক স্ট্রিট থানার দায়িত্ব দেওয়া হয়েছে অমিত চট্টোপাধ্যায়কে। পাশাপাশি, গৌতম রুজকে ভাঙড় থানার নতুন ওসি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজ্যে পালাবদলের পর কলকাতা পুলিশে এটি দ্বিতীয় বড় রদবদল। চলতি মাসের শুরুতেই কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমিশনার জাফর আজমল কিদওয়াইকে জয়েন্ট পুলিশ কমিশনার করা হয়েছিল। একই সময়ে কলকাতা পুলিশের এসটিএফের ডেপুটি কমিশনার প্রদীপ কুমার যাদবকে বদলি করে চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার করা হয়। মাত্র এক সপ্তাহ আগে নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের ১০৮ জন আইসিকেও একসঙ্গে বদলি করা হয়েছিল।
উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, রাজ্যে আর শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। তাঁর নেতৃত্বাধীন সরকারের দুই মাসের মধ্যেই প্রশাসনের বিভিন্ন স্তরে ধারাবাহিক রদবদল চলছে। একসঙ্গে এতগুলি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বদলির সিদ্ধান্তও সেই প্রশাসনিক পুনর্বিন্যাসেরই অংশ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।




