লক্ষ্মীপুজোর দিন হাওড়া ডিভিশনে একাধিক শাখায় ব্যাহত হতে চলেছে ট্রেন চলাচল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার, ২৫ অক্টোবর মোট ২০টি জায়গায় রেললাইন ব্লক নেওয়া হচ্ছে। তবে নির্দিষ্ট সময়ের জন্য। এই কাজের জন্য আজ হাওড়া ডিভিশনে ৫৯টি ট্রেন বাতিল থাকবে।
শুধু তাই নয়, জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেসের সময় পরিবর্তন করে ৪০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। সেই সঙ্গে চারটি ট্রেনের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। তিনটি ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে। শনিবার বিকেলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
হাওড়া থেকে ছাড়ার বেশিরভাগ ট্রেনই রয়েছে বাতিলের তালিকায়। এই স্টেশন থেকে ২২টি ট্রেন বাতিল করা হয়েছে। বর্ধমান থেকে বাতিল হয়েছে ১০টি এবং ব্যান্ডেল থেকে হয়েছে সাতটি ট্রেন। সেই সঙ্গে কাটোয়া, চন্দননগর-সংলগ্ন শাখা এবং অন্যান্য স্টেশন থেকেও একাধিক ট্রেন চলবে না।
চারটি ট্রেনের সময়ে পরিবর্তন আনা হয়েছে। জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস নির্ধারিত সকাল ৬টা ২৫ মিনিটের বদলে ছাড়বে সকাল ৭টা ২৫ মিনিটে। বোলপুর শান্তিনিকেতন-হাওড়া এক্সপ্রেস দুপুর ১টা ১৫ মিনিটের বদলে ছাড়বে বিকেল ৩টে ১৫ মিনিটে। রামপুরহাট-শিয়ালদহ মা তারা এক্সপ্রেস ৩০ মিনিটে এবং হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস ৪০ মিনিট দেরিতে ছাড়বে।
এই ট্রেনগুলির পাশাপাশি হাওড়া-আরামবাগ লোকাল, গোড্ডা-শিয়ালদহ মেমু এবং জয়নগর-হাওড়া এক্সপ্রেসকে পথে ২৫ মিনিট, ১ ঘণ্টা ৫ মিনিট এবং ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেখতে গেলে হাওড়া থেকে ২২টি, ব্যান্ডেল থেকে ৭টি, আরামবাগ, গোঘাট, পান্ডুয়া ও আজ়িমগঞ্জ থেকে ১টি করে, মেমারি থেকে ২টি, বারুইপাড়া ১টি, কাটোয়া ৪টি, আসানসোল থেকে ২টি, বর্ধমান ১০টি, সাহেবগঞ্জ থেকে ১টি, চন্দনপুর থেকে ৩টি, রামপুরহাট ২টি ও অন্ডাল থেকে ১টি ট্রেন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীর হাতেই এবারে অন্নপূর্ণা, পুরন্দরপুরে হতে চলেছে অন্যরকম লক্ষ্মীপুজো
হাওড়া-বর্ধমান কর্ড লাইনের লিলুয়া-বেলুড়, মেন লাইনের কোন্নগর-রিষড়া, শেওড়াফুলি-ভদ্রেশ্বর ছাড়াও তারকেশ্বর-মায়াপুর, মগরা, বৈঁচি-মেমারি-সহ একাধিক অংশে ব্লক নেওয়া হবে। বর্ধমান-তালিত, বাঁশবেড়িয়া-ত্রিবেণী, পূর্বস্থলী-পাটুলি, অগ্রদ্বীপ-দাঁইহাট এবং মুর্শিদাবাদ ও বীরভূমের বিভিন্ন অংশেও কাজ চলবে। কোনও কোনও অংশে সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত ট্রেন চলাচলে প্রভাব পড়তে পারে।




