• facebook
  • twitter
  • youtube
Wednesday, 9 September, 2026

‘সব শর্ত মেনেছেন’, বারুইপুর-কাণ্ডে লায়েকের অন্তর্বর্তী জামিন বাড়াল হাইকোর্ট

মামলার আইনি লড়াই চলেছে এক দিকে। অন্যদিকে হাসপাতালে ভেন্টিলেশনে থাকা মায়ের সংকটজনক অবস্থা। সেই মানবিক পরিস্থিতিতে আদালতের অন্তর্বর্তী জামিনে কিছুটা স্বস্তি পেয়েছিলেন লায়েক। এবার আদালতের শর্ত মেনে চলার বিষয়টিও তাঁর পক্ষে গেল।

‘সব শর্ত মেনেছেন’, বারুইপুর-কাণ্ডে লায়েকের অন্তর্বর্তী জামিন বাড়াল হাইকোর্ট

CPI(M) Leader Lahek Ali Photo-SNS

বারুইপুর-কাণ্ডে দীর্ঘ সময় জেলে থাকার পর মায়ের গুরুতর অসুস্থতার কারণে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন সিপিএম নেতা লায়েক আলি। এবার সেই জামিনের মেয়াদই আরও বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ে আত্মসমর্পণ এবং জামিনের সমস্ত শর্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করায় আগামী ১২ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন বহাল রাখলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

বুধবার মামলার শুনানিতে লায়েকের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, আগের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই আদালতে আত্মসমর্পণ করেছিলেন তাঁর মক্কেল। জামিনের সময় আদালত যে সমস্ত শর্ত দিয়েছিল, তার একটিও লঙ্ঘন করা হয়নি।

রাজ্যের পক্ষ থেকেও আদালতে জানানো হয়, আদালতের নির্দেশ অনুযায়ী লায়েক সমস্ত শর্ত মেনে চলেছেন। এরপর মামলার কেস ডায়েরি দেখতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কেস ডায়েরি পেশের জন্য রাজ্যের আইনজীবী কিছুটা সময় চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতেই আপাতত আগামী ১২ অক্টোবর পর্যন্ত লায়েকের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়ে দেন বিচারপতি।

এর আগে মায়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই তাঁকে সাময়িক স্বস্তি দিয়েছিল আদালত। হাসপাতালের ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে লড়ছেন মা। এই অবস্থায় তাঁর পাশে থাকার জন্য অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন লায়েকের আইনজীবীরা। সেই মানবিক আবেদন বিবেচনা করেই আদালত প্রথমে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল।

জামিনের ক্ষেত্রে অবশ্য শর্তও ছিল। বারুইপুর এলাকার বাইরে যেতে পারবেন না লায়েক। তদন্তের প্রয়োজনে বারুইপুর থানার পুলিশ ডাকলে তাঁকে হাজির হতে হবে। সেই সমস্ত নির্দেশই তিনি মেনে চলেছেন বলে বুধবার আদালতে জানানো হয়।

বারুইপুরের অশান্তির ঘটনায় লায়েকের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ, এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাস্তা ও রেল অবরোধ, পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের মতো ঘটনা ঘটে। একই ঘটনায় এক যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগও ওঠে। সেই পর্বে উস্কানি দেওয়ার অভিযোগে লায়েকের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

গত ১২ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর থেকে দীর্ঘ সময় জেলেই ছিলেন তিনি। মামলার আইনি লড়াই চলেছে এক দিকে। অন্যদিকে হাসপাতালে ভেন্টিলেশনে থাকা মায়ের সংকটজনক অবস্থা। সেই মানবিক পরিস্থিতিতে আদালতের অন্তর্বর্তী জামিনে কিছুটা স্বস্তি পেয়েছিলেন লায়েক। এবার আদালতের শর্ত মেনে চলার বিষয়টিও তাঁর পক্ষে গেল।

আরও পড়ুন: সপ্তাহের মাঝে কমবে বৃষ্টির দাপট! উত্তর-দক্ষিণে কবে কাটবে দুর্যোগের মেঘ?

মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি। তবে আপাতত জেলের বাইরে থেকে অসুস্থ মায়ের পাশে থাকার সুযোগ আরও এক মাসের জন্য পেলেন বারুইপুর-কাণ্ডে অভিযুক্ত সিপিএম নেতা লায়েক আলি।