• facebook
  • twitter
  • youtube
Monday, 10 August, 2026

‘মমতার সঙ্গে দেখা করলেই মামলা!’ অসিতের বিরুদ্ধে কত এফআইআর? রাজ্যের থানাগুলির কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

পুলিশের দাবি, সিবিআই পরিচয় দিয়ে অসিতের বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগে হাবরা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ব্যক্তিকে শনাক্ত করার জন্যই অসিতকে থানায় ডাকা হয়েছিল।

‘মমতার সঙ্গে দেখা করলেই মামলা!’ অসিতের বিরুদ্ধে কত এফআইআর? রাজ্যের থানাগুলির কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Photo: Statesman

তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা সভাপতি অসিত মজুমদারের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় বর্তমানে কতগুলি মামলা রয়েছে? কোন থানায় তাঁর বিরুদ্ধে কী অভিযোগে মামলা দায়ের হয়েছে? এবার সেই বিস্তারিত তথ্যই পুলিশের কাছে চাইল কলকাতা হাইকোর্ট।

অসিতের অভিযোগ, চুঁচুড়া থানার আইসি তাঁকে হুমকি দিয়েছিলেন, যতবার তিনি কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন, ততবার তাঁর বিরুদ্ধে নতুন করে মামলা করা হবে। সেই অভিযোগকে সামনে রেখেই নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির বিস্তারিত তথ্য জানতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

সোমবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য পুলিশের কাছে রিপোর্ট তলব করেন। অসিতের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে তিনি জানান, ‘প্রথমে তাঁর বিরুদ্ধে সাতটি মামলা ছিল। তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আরও দু’টি মামলা দেওয়া হয়েছে।’ তাঁর আরও অভিযোগ, নিম্ন আদালত থেকে জামিন পাওয়ার দিনই চুঁচুড়া থানার আইসি অসিতকে হুমকি দেন বলে দাবি।

কল্যাণের বক্তব্য, ‘কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলেই ফের মামলা দেওয়া হবে, এমন হুমকি দেওয়া হয়েছিল।’ এই প্রেক্ষিতেই বিচারপতি জানতে চান, বর্তমানে রাজ্যের বিভিন্ন থানায় অসিতের বিরুদ্ধে মোট কতগুলি মামলা রয়েছে।

উল্লেখ্য, ২১ জুলাইয়ের কর্মসূচিতে কলকাতায় আসার কথা ছিল অসিতের। তার আগেই তাঁকে চুঁচুড়া থানার পুলিশ গ্রেপ্তার করে। পুরোনো তোলাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল বলে পুলিশ সূত্রের দাবি। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়া আটকাতেই তাঁকে অন্যায়ভাবে আটক ও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, সিবিআই পরিচয় দিয়ে অসিতের বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগে হাবরা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ব্যক্তিকে শনাক্ত করার জন্যই অসিতকে থানায় ডাকা হয়েছিল। গ্রেপ্তারের পর অবশ্য সেদিনই চুঁচুড়া আদালত থেকে পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান অসিত। এরপরে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলির সংখ্যা ও প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

আরও পড়ুন: সিদ্দিকুল্লাদের এসআইআর-বিরোধী মিছিলে শর্তসাপেক্ষ অনুমতি হাইকোর্টের

এখন আদালতের নির্দেশে পুলিশের রিপোর্টেই স্পষ্ট হবে, রাজ্যের কোন কোন থানায় অসিত মজুমদারের বিরুদ্ধে কত মামলা রয়েছে এবং সেই মামলাগুলির বর্তমান পরিস্থিতি বা কী?