• facebook
  • twitter
  • youtube
Wednesday, 11 November, 2026

কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক সতর্কবার্তা, টেক অফের আগে ছড়াল তুমুল আলোড়ন

কেন পাইলটের পক্ষ থেকে এই ‘হাইজ্যাক অ্যালার্ট’ পাঠানো হল? সেটা এখন খতিয়ে দেখা হচ্ছে। কোনও প্রযুক্তিগত ত্রুটি, নাকি অন্য

কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক সতর্কবার্তা, টেক অফের আগে ছড়াল তুমুল আলোড়ন

Air India Hijack Alert Photo-SNS

ভাইফোঁটার সকালে কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক অ্যালার্টকে ঘিরে তুমুল আলোড়ন ছড়িয়ে পড়ল। বিমান টেক অফের আগে পাইলটের কাছে একটি সতর্কবার্তা আসে। ওই বার্তার পরে হইচই পড়ে যায় গোটা বিমানবন্দরে। যাত্রীবাহী ওই বিমানকে দ্রুত তখন সরিয়ে নিয়ে যাওয়া হয় আইসোলেশন বে-তে। সেখানেই তল্লাশি শুরু হয় জোরকদমে। কলকাতা থেকে মুম্বই যাচ্ছিল ওই ফ্লাইট। কলকাতা থেকে টেক অফের আগে পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে হাইজ্যাক অ্যালার্ট মেসেজ পাঠান। প্রথমে মনে করা হয়েছিল, কোনও যাত্রীকে নিয়ে কোনও সমস্যার কারণে এই অ্যালার্ট পাঠানো হয়েছে। কিন্তু পরিস্থিতি ঘোরালো হতেই তড়িঘড়ি নিরাপত্তারক্ষীরা সেখানে পৌঁছন।

এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ বিমানে এমন ঘটনা নিয়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। ওই বিমান ওড়ার আগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল-কে হাইজ্যাক বার্তা পাঠান পাইলট। তখনই তৎপর হয়ে ওঠেন বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি বিমানকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন নিরাপত্তারক্ষীরা। গোটা বিমানকে ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। সম্ভবত ওয়াশরুমে আয়নায় হাইজ্যাক সংক্রান্ত কিছু লেখা ছিল বলে সূত্রের খবর। যদিও এই বিষয়টি নিয়ে এখনও কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

কেন পাইলটের পক্ষ থেকে এই ‘হাইজ্যাক অ্যালার্ট’ পাঠানো হল? সেটা এখন খতিয়ে দেখা হচ্ছে। কোনও প্রযুক্তিগত ত্রুটি, নাকি অন্য কোনও কারণে এই সতর্কবার্তা সেটা জানার চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনাকে ঘিরে কলকাতা বিমানবন্দরে  চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রয়োজনীয় যাবতীয় সিকিউরিটি চেক করার কাজ হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিমানে থাকা যাত্রীদের মধ্যেও। ৯২ জন যাত্রী নিয়ে ওই বিমান মুম্বই উড়ে যাওয়ার কথা ছিল। যাত্রীরাও বিমানে আসনগ্রহণ করে ফেলেছিলেন। চালক বিমান ওড়ানোর অপেক্ষায় ছিলেন। কিন্তু তখনই পাইলট যা দেখতে পান তার ভিত্তিতে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে হাইজ্যাক অ্যালার্ট পাঠান। এটাই গোটা উড়ানকে চাপের মধ্যে ফেলে দেয়। ওই পাইলটকেও এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি কেন এমন বার্তা পাঠিয়েছিলেন? কী দেখেছিলেন? নানা প্রশ্নের সম্মুখীন হন বলেই সূত্রের খবর।

তাছাড়া বিমানের শৌচাগারের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত কিছু লেখা আছে। বিমানে পাওয়া গিয়েছে চিরকূট! তখনই ওই উড়ান সাময়িক বাতিল করা হয়। বিমানে থাকা যাত্রীদেরও নামিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। কীভাবে ওই হুমকি চিরকূট বিমানে এল? নিরাপত্তার ফাঁক ছিল কি? প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয়েছে তদন্ত।