• facebook
  • twitter
  • youtube
Thursday, 23 July, 2026

শহরে ইস্টবেঙ্গলের রশিদ, নন্দকুমারের বিদায়, মহমেডানের ড্র

এদিন কলকাতা ফুটবল লিগে ড্র করলো মহমেডান স্পোর্টিং । ঘরের মাঠে ম্যাচে উয়াড়ি এসির বিরুদ্ধে ম্যাচে ১-১ গোলে ড্র করল সাদা-কালো ব্রিগেড

শহরে ইস্টবেঙ্গলের রশিদ,  নন্দকুমারের বিদায়, মহমেডানের ড্র

Mohammedan SC Draw Photo-SNS

বৃহস্পতিবার সকালে কলকাতায় পৌঁছলেন গত মরসুমে ইস্টবেঙ্গলের অন্যতম সফল বিদেশি মহম্মদ রশিদ। বুধবার আসার কথা থাকলেও পারিবারিক কারণে একদিন পর শহরে পা রাখলেন তিনি। আর এসেই বিকেলে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন। শনিবার ডুরান্ড কাপে মরসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। সেই লক্ষ্যে প্রস্তুতিতে কোনোরকম খামতি রাখতে চায় না লাল-হলুদ ব্রিগেড।

সেকথাই শোনা গেল রশিদের মুখে। শহরে এসেই ধারাবাহিকতা বজায় রাখার বার্তা দিলেন প্যালেস্তাইনের এই মিডফিল্ডার। জানিয়ে দিলেন, গত মরসুমের সাফল্য ধরে রাখতে কঠোর পরিশ্রম করতে হবে। পাশাপাশি, মরসুমের প্রথম ডার্বি উপভোগ করার কথা জানাতে ভুললেন না তিনি।

যদিও, কিছুটা অন্য সুর শোনা গেল ইস্টবেঙ্গলের নবাগত দানি রামিরেজের মুখে। স্পষ্ট জানিয়ে দিলেন, ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টকে হারানোর জন্য তৈরি তাঁরা। একইসঙ্গে, এশিয়ার মঞ্চে ভালো পারফরম্যান্সের বিষয়েও বেশ আশাবাদী লাল-হলুদের এই স্প্যানিশ মিডফিল্ডার। এসবের মাঝে লাল-হলুদ ছেড়ে ওড়িশা এফসিতে ফিরে গেলেন নন্দকুমার সেকর।

এ দিন কলকাতা ফুটবল লিগে ড্র করলো মহমেডান স্পোর্টিং । ঘরের মাঠে ম্যাচে উয়াড়ি এসির বিরুদ্ধে ম্যাচে ১-১ গোলে ড্র করল সাদা-কালো ব্রিগেড। প্রথম দুই ম্যাচে টানা জয়ের পর এই ড্রয়ের ফলে লিগে এখনো অপরাজিত মেহেরাজউদ্দিন ওয়াডুর দল। ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও কোনও দলই গোল মুখ খুলতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য এগিয়ে যায় মহমেডান। ৫৩ মিনিট নাগাদ পেনাল্টি থেকে দলের হয়ে একমাত্র গোলটি করে যান ইসরাফিল দেওয়ান। যদিও, এই লিড বেশিক্ষন স্থায়ী হয়নি। ম্যাচের ৬০ মিনিটে সমতা ফিরিয়ে আনে উয়াড়ি। তাদের হয়ে গোল করে যান রোশন ছেত্রী। এরপর দুই দলই জয়ের খোঁজে গোল করার মরিয়া চেষ্টা চালালেও ম্যাচে আর কোনো গোল হয়নি। এই ড্রয়ের ফলে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ বি’তে চতুর্থ স্থানে রয়েছে মহমেডান স্পোর্টিং। তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে এই গ্রুপে শীর্ষে রয়েছে কোল ইন্ডিয়া।