• facebook
  • twitter
  • youtube
Thursday, 17 September, 2026

‘পশ্চিমবঙ্গ সরকার লাল সন্ত্রাস বরদাস্ত করবে না, খতম হবে’, মাওবাদী নেতার গ্রেপ্তারে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে দেশকে মাওবাদীমুক্ত করতে চেষ্টা করা হচ্ছে। তাই লাগাতার যৌথবাহিনীর অপারেশনে

‘পশ্চিমবঙ্গ সরকার লাল সন্ত্রাস বরদাস্ত করবে না, খতম হবে’, মাওবাদী নেতার গ্রেপ্তারে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari-Maoist Leader Photo-SNS

দীর্ঘ অপরাধের তালিকা রয়েছে। চার দশক ধরে তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। মাথার দাম ঘোষণা হয়েছিল ২ কোটি ২০ লক্ষ টাকা। তাও পাওয়া যাচ্ছিল না। অবশেষে পশ্চিমবঙ্গের মাটিতে গোয়েন্দাদের জালে ধরা পড়ল পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশ। বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাওবাদীদের পক্ষ থেকে এই নেতাকে আদালতে তোলার দাবি করা হয়েছে। আর এদিনই সমাজমাধ্যমে পোস্ট করে মাওবাদী পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সদস্য আকাশের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে কড়া বার্তাও দিয়োছেন তিনি।

এদিকে এই সাফল্যের জন্য কলকাতা পুলিশের এসটিএফ-কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশে নিষিদ্ধ সংগঠন সিপিআই(মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য আকাশ। একদা দলের রাজ্য কমিটির সম্পাদক ছিল। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড ও ওড়িশা পুলিশের ত্রাস ছিল আকাশ। তিন রাজ্যেই বহু মামলা ঝুলছে এই মাওবাদী নেতার বিরুদ্ধে। পুলিশের জন্য অন্যতম বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘আমি স্পষ্ট করে বলে দিতে চাই, পশ্চিমবঙ্গে ত্রিসীমানায় লাল সন্ত্রাসকে খতম করা হবে। কোথাও মাথাচাড়া দেওয়ার চেষ্টা হলে রাজ্য সরকার শক্ত হাতে দমন করবে। আমাদের পুলিশ এই বিষয়ে যথেষ্ট সতর্ক ও দক্ষ।’

 

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে দেশকে মাওবাদীমুক্ত করতে চেষ্টা করা হচ্ছে। তাই লাগাতার যৌথবাহিনীর অপারেশনে ছত্তিশগড়, ঝাড়খণ্ডে মাওবাদীরা হয় আত্মসমর্পণ করেছেন না হলে অভিযান চালিয়ে তাদের খতম করা হয়েছে। কিন্তু যৌথবাহিনীর কঠিন অপারেশনের মধ্যেও আকাশ নিজেকে বাঁচিয়ে রেখেছিল। এবার আকাশ ধরা পড়ে গিয়েছে। তাই সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘১৫ বছরেরও বেশি সময় ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশের চোখ এড়িয়ে চলছিল ওই মাওবাদী নেতা। তাকে গ্রেপ্তার করে পুলিশ নিজেদের ব্যতিক্রমী দক্ষতার পরিচয় দিয়েছে। পশ্চিমবঙ্গের সিপিআই(মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য আকাশ ওরফে অসীম মণ্ডলকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পটাশপুরের লালট থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। গত ১৫ বছর ধরে আন্তঃরাজ্য সীমানায় যে ধরনের সন্ত্রাস চলছিল সেটা দমন করতে নিজেদের দক্ষতার পাশাপাশি উচ্চ প্রযুক্তি ব্যবহার করে এই সাফল্য এসেছে।’

তাছাড়া সম্প্রতি আর্থিক অনটনের মধ্যে পড়েছিল আকাশ। বাধ্য হয়ে অর্থ জোগাড়ের জন্য ডেরা থেকে বেরিয়ে ওই মাওবাদী নেতা পূর্ব মেদিনীপুরের পটাশপুরে যায়। গোপনে সেখানে গা ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে গোয়েন্দারা আকাশের পিছু নিয়েছিল। পথে তাকে ধরে ফেলে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, ‘কোনওরকমভাবে লাল সন্ত্রাস মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে গুঁড়িয়ে দেওয়া হবে। এই রাজ্যের মানুষের সুরক্ষার স্বার্থে কোনও উগ্রবাদী মানসিকতাকে দমন করা কর্তব্য। আইনশৃঙ্খলা বজায় রাখতে সমাজবিরোধী কোনও কাজ হলেই সেটা রুখে দেওয়া হবে। সেই ক্ষমতা আমাদের পুলিশের আছে।’