• facebook
  • twitter
  • youtube
Thursday, 17 September, 2026

‘পিএম আবাস প্রকল্পে বাড়ির মালিক হবেন মহিলারাই’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একগুচ্ছ বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি অনুযায়ী

‘পিএম আবাস প্রকল্পে বাড়ির মালিক হবেন মহিলারাই’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari Photo-SNS

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রাজ্যজুড়ে আয়োজিত হল প্রথম ‘অন্নপূর্ণা দিবস’। আর ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভাতা এবং আর্থিক সহায়তার সঙ্গে বেআইনি মাদক ব্যবসা বন্ধ করা এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূল করার ক্ষেত্রে রাজ্য প্রশাসন যে জিরো টলারেন্স নীতি নিতে চলেছে সেটা স্পষ্ট করে দেন তিনি। এমনকী প্রধানমন্ত্রী আবাস যোজনার রেজিস্ট্রেশন এবার হবে মহিলাদের নামেই। বাংলায় নারী ক্ষমতায়নে বৃহস্পতিবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বাংলায় উদযাপিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। সল্টলেকে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। আর সেখান থেকেই এদিন অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিকে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একগুচ্ছ বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি অনুযায়ী চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’র মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যজুড়ে দেড় কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হয়েছে। তখনই মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘অন্নপূর্ণা দিবস’ পালন হচ্ছে। পিএম আবাস প্রকল্পে বাড়ি মালিক হবেন মহিলারাই। একজন মা-বোনের উপরেও অত্যাচার হলে ছাড়ব না। আমরা কমিশন গড়েছি। এই সরকার শুধু ভাতা দিতে আসেনি। এই রাজ্যে সংস্কার করতে এসেছে। রাজ্যের প্রত্যেকটি কন্যা-মহিলাকে রক্ষার শপথ নিয়েছে এই সরকার।’

অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি নথিভুক্তিতে মহিলাদের প্রাধান্য দেওয়া থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা, বিধবা পেনশন, কন্যাদের পড়াশোনা, আইসিডিএস এবং আশা কর্মীদের বেতন-সহ একাধিক বিষয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা, ‘আজ সারাদিন ধরেই মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকবে। যোগ্য সবাই এই টাকা পাবেন। এমনকী এবার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির রেজিস্ট্রেশন বাড়ির মহিলাদের নামেই হবে। রাজ্যে ৫০ লক্ষের বেশি নতুন বাড়ি তৈরির জন্য তালিকা তৈরি হয়েছে। সেই বাড়িগুলির মালিকানা পরিবারের মহিলাদের নামে করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির এগ্রিমেন্ট মহিলাদের নামেই করা হবে এবং বাড়ির মালিকও মহিলারাই হবেন।’

তাছাড়া রাজ্যে বাল্যবিবাহ এবং কম বয়সে মা হওয়ার বিপজ্জনক প্রবণতা ঠেকাতে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর কড়া বার্তা,  ‘গত ৬ মাসে রাজ্যে প্রায় ৬০ হাজার বাল্যবিবাহ ও টিনএজ ডেলিভারির ঘটনা ঘটেছে। যার মধ্যে শুধু মুর্শিদাবাদেই ১৩ হাজার এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭ হাজার। ১৮ বছরের নীচে মেয়েদের বিয়ে দিলে শুধু অভিভাবকদেরই নয়, বিয়ে দেওয়া কাজি কিংবা পুরোহিতকেও শ্রীঘরে যেতে হবে। আর পশ্চিমবঙ্গকে পূর্ণাঙ্গ নেশামুক্ত করতে সমস্ত বেআইনি মাদক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে। রাজ্যে নেশার বিরুদ্ধে আরও জোরদার অভিযান প্রয়োজন। বেআইনি নেশার কেন্দ্রগুলি বন্ধ করার ক্ষেত্রে মহিলাদেরও এগিয়ে আসা দরকার। নেশামুক্ত ভারত, নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে হবে।’