বারুইপুরে ১২ বছরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ঘটনার ৫৭ দিনের মাথায় চার্জশিট পেশ করল পুলিশ। বৃহস্পতিবার বারুইপুরের বিশেষ পকসো আদালতে ৭০২ পাতার চার্জশিট জমা দেয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। চার অভিযুক্তের বিরুদ্ধেই চার্জশিট পেশ করা হয়েছে। তবে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল ইতিমধ্যেই পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। তার মৃত্যুর ঘটনাটি নিয়ে পৃথক তদন্ত চলছে।
আদালত সূত্রে খবর, আভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ১৪০(৩), ৬৫(১), ৭০(২), ১০৩(১), ২৩৮ ও ৬১ ধারায় এবং পকসো আইনের ৬ ধারায় চার্জশিট দেওয়া হয়েছে। তদন্তকারীদের হাতে থাকা তথ্য, ফরেন্সিক রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট-সহ বিভিন্ন নথি চার্জশিটের সঙ্গে আদালতে জমা দেওয়া হয়েছে। প্রয়োজনে পরবর্তী সময়ে সাপ্লিমেন্টারি চার্জশিটও দেওয়া হতে পারে।
তদন্তে উঠে এসেছে, নাবালিকার উপর যৌন নির্যাতন এবং চরম শারীরিক অত্যাচারের প্রমাণ মিলেছে। ময়নাতদন্তে তার মুখ ও শরীরের বিভিন্ন অংশে আঘাত, কামড় এবং আঁচড়ের চিহ্ন পাওয়া যায়। অচেতন অবস্থায় তাকে বস্তাবন্দি করে জলে ডুবিয়ে খুন করা হয়েছিল বলেও ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে।
প্রসঙ্গত ,গত ৫ জুলাই ২০২৬ এ ধপধপি-২ পঞ্চায়েতের সূর্যপুরের বাসিন্দা ওই নাবালিকা বিকেলে খাবার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল। তার পর আর বাড়ি ফেরেনি। পরদিন, ৬ জুলাই ভোরে বাড়ির কাছেই একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ ছিল, কয়েক জন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে।
ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। ফুটেজে শেষ বার প্রভাস মণ্ডলের সঙ্গে নাবালিকাকে দেখা যায় বলে পুলিশ সূত্রে দাবি। এরপর প্রভাস-সহ দু’জনকে গ্রেফতার করা হয়। পরে ঘটনার পুনর্নিমাণের সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। পুলিশ সূত্রের দাবি, সেই সময় এনকাউন্টারে তার মৃত্যু হয়। ওই ঘটনায় পৃথক তদন্ত চলছে।
নাবালিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বারুইপুরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। ওই দিনই এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের উপর হামলা এবং একাধিক বাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটে। সেই ঘটনায় প্রায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের এখনও জেল হেফাজতে রাখা হয়েছে।
এ বার ৭০২ পাতার চার্জশিট পেশ হওয়ায় মূল মামলার বিচারপ্রক্রিয়া শুরুর পথ আরও একধাপ এগোল। দ্রুত শুনানি শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।




