আইএসএফেরি নির্বাচনী প্রতীক সংক্রান্ত মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি কৃষ্ণ রাও জানান, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে রাজি নয়। সেই কারণেই মামলাটি খারিজ করা হয়।
২০২১ এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে খাম প্রতীকেই লড়াই করেছিল নওশাদ সিদ্দিকির দল। কিন্তু পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে আগামী ৬ অক্টোবরের উপনির্বাচনের জন্য সেই প্রতীক আইএসএফকে দেওয়া হয়নি। তার পরিবর্তে ‘আলমারি’ প্রতীক বরাদ্দ করা হয়।
‘খাম’ প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবিতে গত ২১ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে মামলা করে আইএসএফ। এর আগে নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ। কিন্তুন কমিশন ‘খাম’ প্রতীকটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেয়।
সোমবার মামলার শুনানিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিল বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। আইএসএফের ব্যবহৃত প্রতীক অন্য একটি দলকে দেওয়ার ক্ষেত্রে কমিশন কোন আইন অনুসরণ করেছে, তা জানতে চেয়েছিলেন বিচারপতি। আদালতেরর পর্যবেক্ষণ ছিল, কমিশনের এমন ভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে পরবর্তী সময়ে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন না হয়।




