বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুরে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কেন্দ্রেই তৃণমূলের পোস্টার ছেঁড়াকে ঘিরে শনিবার চাঞ্চল্য ছড়ায়। শাসকদলের অভিযোগ, বিজেপির কর্মীরাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটের প্রস্তুতি হিসেবে ভবানীপুরের বিভিন্ন এলাকায় তৃণমূলের পোস্টার ও ব্যানার লাগানো হয়েছিল। কিন্তু শনিবার দুপুরে চক্রবেড়িয়া রোড এলাকায় সেই পোস্টার ছেঁড়া অবস্থায় দেখা যায়। এর পরই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা।
Advertisement
কলকাতা পুরসভার কাউন্সিলর অসীম বসুর নেতৃত্বে তৃণমূল কর্মীরা ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, সমস্ত নিয়ম মেনেই পোস্টার লাগানো হয়েছিল। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা নষ্ট করা হয়েছে। ‘মুখ্যমন্ত্রীর জয়ের লক্ষ্যে লাগানো হোর্ডিং ও ব্যানারও ভাঙচুর করা হয়েছে’, দাবি তৃণমূলের।
Advertisement
অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তৃণমূলের অন্দরের গোষ্ঠীকোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে। বিজেপির অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র পোস্টারও নষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, ভবানীপুর এবারের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকেই শীঘ্রই প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।
Advertisement



