• facebook
  • twitter
  • youtube
Monday, 14 September, 2026

Where Rivers Meet: আচার্য গৌর গঙ্গোপাধ্যায়ের স্মরণে BASICS-এর শ্রদ্ধার্ঘ্য

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রাচীন পারস্যের গল্প বলার পর দাস্তানগোয়ি-র সঙ্গে ভারতীয় বাদ্যযন্ত্র ও পিরবেশনশৈলীর অসাধারণ মেলবন্ধন

Where Rivers Meet:  আচার্য গৌর গঙ্গোপাধ্যায়ের স্মরণে BASICS-এর শ্রদ্ধার্ঘ্য

Image: SNS

গত ৯ই আগষ্ট  সন্ধ্যা ৬ টায় বিড়লা অ্যাকাডেমি অব আর্ট অ্যান্ড কালচার-এর পূর্ণ প্রেক্ষাগৃহে আয়োজিত হলো BASICS ট্রাস্ট-এর এক বিশেষ অনুষ্ঠান। এই দিন সন্ধ্যায় গুরু আচার্য গৌর গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর জীবন আলেখ্য নানা আঙ্গিকে পরিবেশন করেন গুণী শিল্পীবৃন্দ ও BASICS এর সদস্য মণ্ডলী। আচার্য গৌর গঙ্গোপাধ্যায় ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগের বিপ্লবীদের মধ্যে অন্যতম।

স্বরাজ প্রতিষ্ঠার জন্য তিনি দেশের অগণিত মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন নিজের যথা সর্বস্ব দান করতে এবং দরিদ্র, অবহেলিত মানুষের নিরলস সেবায় আত্মনিয়োগ করতে। BASICS Trust ওঁর প্রদর্শিত পথে দরিদ্র ও বঞ্চিত জনসাধারণের উন্নয়নকল্পে নানাবিধ কাজ করে চলেছে। ১৯৭০ সালে ত্রিপুরার আগরতলায় নারীদের উপর অমানবিক অত্যাচারের বিরূদ্ধে আচার্য গৌর গঙ্গোপাধ্যায় যে সত্যাগ্রহ গণ আন্দোলন সংগঠিত করেছিলেন, সেই যুগান্তকারী আন্দোলনের ৫০ বছর উদযাপন করা হল এই বিশেষ অনুষ্ঠানে।

এই দিন সন্ধ্যায় মূল উপস্থাপনা ছিল ইস্ট ইন্ডিয়া দস্তানগোসের ‘ দাস্তান এ গৌর’। দুই বাচিক শিল্পী  পলাশ চতুর্বেদি ও  জাহিদ হোসেনের বাংলা, ইংরাজি, হিন্দি, উর্দু ও ফার্সি ভাষায় সহজ ও সাবলীল কথা, বচন দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। গৌর গঙ্গোপাধ্যায়ের বর্ণময় জীবনের বিবিধ অধ্যায় নানা ভাষায় দক্ষতার সঙ্গে তাঁরা নিপুণ ভাবে বর্ণনা করেন। তাঁদের পরিবেশনায় কখনও পরিলক্ষিত হয় নানান মতের সমন্বয় সাধন করে জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে গৃহীত আচার্যদেব এর আদর্শ ও কর্মপন্থা , আবার কখনও দর্শক জানতে পারেন প্রান্তিক জনসাধারণ, শরণার্থী , বঞ্চিত ও অবহেলিত মেয়েদের উন্নতিকল্পে তাঁর নানা প্রকল্প ও সেবামূলক কাজ।

দাস্তান এ গৌরে- গল্পের সঙ্গে সরোদে অপূর্ব সুরের আবহ রচনা করেন শ্রী সৌমাল্য সারেশ্বরী। তাঁকে তবলায় সংগত দেন  সুকৃত সেন। আগরতলায় ঐতিহাসিক সত্যাগ্রহ আন্দোলনের কথার শেষে নাট্যশ্রী গুরু দেবযানী চট্টোপাধ্যায়ের চমৎকার নৃত্য উপস্থাপনা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দিন গল্পকথনের সঙ্গে  BASICS ট্রাস্ট কর্তৃক পরিচালিত অবৈতনিক ও উপানুষ্ঠানিক বিদ্যালয় বিবেকবাণী শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের মনোগ্রাহী নৃত্য ও সংক্ষিপ্ত মঞ্চ নাটক দর্শকদের বিশেষ আনন্দ প্রদান করে। BASICS-এর ট্রাস্টিরা তাদের বর্ষব্যাপী শিক্ষা,স্বাস্থ্য ,পুষ্টি প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে সেবামুলক কাজ ও নানা বৃত্তিমূলক প্রশিক্ষণ উদ্যোগ এর সচিত্র বিবরণ দেন।

অনুষ্ঠানের শেষের দিকে BASICS এর ফাউন্ডার প্রেসিডেন্ট শ্রীমতি গোপা দেব আচার্যদেবের মূল আদর্শ অর্থাৎ মুনাফাভিত্তিক মূল্যবোধ বর্জন করে সত্য, অহিংসা, দয়া ও প্রেম সমন্বিত এক শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করার কথা অত্যন্ত সাবলীল ভাবে দর্শকদের কাছে ব্যক্ত করেন। তাঁর বক্তব্যের সময় প্রেক্ষাগৃহের মানুষ উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষ হয় প্রখ্যাত গায়ক শ্রী সুরজিৎ সেনের সুললিত কণ্ঠে পদাবলী কীর্তন পরিবেশনার মধ্যে দিয়ে।