• facebook
  • twitter
Wednesday, 18 March, 2026

‘যতই করো হামলা, জিতবে আবার বাংলা’, প্রচার শুরু অরূপ রায়ের

মধ্য হাওড়ায় দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী অরূপ রায়, ‘যতই করো হামলা, জিতবে আবার বাংলা’ স্লোগানে সরব রাজনীতি।

নিজস্ব চিত্র

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী অরূপ রায়। প্রার্থী তালিকা ঘোষণার পরদিনই নিজে হাতে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন তিনি। স্লোগান উঠল— ‘যতই করো হামলা, জিতবে আবার বাংলা’।

এদিন সকালে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় দেওয়াল লিখন করেন অরূপ রায়। তাঁর দাবি, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই তৃণমূলের শক্তি, আর সেই লক্ষ্যেই শুরু হয়েছে এই প্রচার কর্মসূচি। অরূপ রায় জানান, এবারের নির্বাচনে ‘এস আই আর’ ইস্যুই হবে প্রধান হাতিয়ার। সাধারণ মানুষের সমস্যাকে সামনে রেখে প্রচার চালানো হবে বলে তিনি জানান।

Advertisement

উল্লেখ্য, ২০১১ সাল থেকে টানা তিনবার মধ্য হাওড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছেন অরূপ রায়। প্রতিবারই তিনি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এবার চতুর্থবারও জয় নিয়ে তিনি আশাবাদী। তিনি বলেন, ‘কাজ কখনও শেষ হয় না, মানুষের জন্য কাজ করে যেতে হয়। তৃণমূল সরকার সেই কাজই করে চলেছে।’

Advertisement

এদিকে বিজেপি ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছে। সেই প্রসঙ্গে অরূপ রায় বেআইনি নির্মাণ নিয়ে সরাসরি বলেন, এই সমস্যা রয়েছে এবং এর জন্য হাওড়া পুরসভাই দায়ী। তবে একইসঙ্গে তিনি জানান, পুরসভা অনেক ভালো কাজও করছে। রাজনৈতিক মহলের মতে, সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ এবং কাজের উপর ভর করেই তৃণমূল আবারও মধ্য হাওড়ায় শক্ত অবস্থান ধরে রাখতে চাইছে।

Advertisement