এবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে অ্যাপ ক্যাব সংগঠনগুলি। আর তার জেরে রাত পোহালেই পড়তে হতে পারে চরম ভোগান্তিতে। কারণ যাঁরা অ্যাপ ক্যাবের উপর নির্ভর করে যাতায়াত করেন অথবা জরুরি প্রয়োজনে অ্যাপ ক্যাব ডেকে থাকেন তাঁরা সপ্তাহের শুরুতে পাবেন না ওই পরিষেবা। কারণ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত কোনও অ্যাপ ক্যাব পরিষেবা পাওয়া যাবে না। ভাড়া বৃদ্ধির পাশাপাশি মোট ১১ দফা দাবিতে সোমবার ১২ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং অ্যাপ ক্যাব পরিষেবা মেলা বিশ বাঁও জলে।
ইতিমধ্যেই এই সিদ্ধান্ত সংগঠনগুলি সংবাদমাধ্যমে জানিয়ে দিয়েছে। তাঁরা সিদ্ধান্ত নিয়েছে, সোমবার সকাল ১১টায় মৌলালি রামলীলা পার্কে সকলে জমায়েত করবেন। তাই সেখানে ডাক দেওয়া হয়েছে অ্যাপ ক্যাব চালকদের। সুতরাং চালকরা সেখানে গিয়ে জমায়েত করে কর্মসূচি পালন করলে গাড়ি চালানো সম্ভব নয়। সুতরাং যাঁরা দূরে যাতায়াত করেন অথবা জরুরি প্রয়োজনে অ্যাপ ক্যাবের পরিষেবা নিয়ে থাকেন তাঁদের সেটা থেকে দূরে থাকতে হবে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যদি এই পরিষেবা বন্ধ থাকে তাহলে চাপ বাড়বে যাত্রীদের। কারণ সোমবার সকলের অফিস-কাছারি, স্কুল-কলেজ সবই খোলা থাকবে।
এই সিদ্ধান্তের ফলে পথে গাড়ির সংখ্যা কমবে ঠিকই তবে যাত্রীদের নাকাল হওয়ার সম্ভাবনা থাকছে প্রবল। তার উপর বর্ষার মরশুম এখন। যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে। তাই দ্রুত গন্তব্যে পৌঁছতে অ্যাপ ক্যাবের উপরই নির্ভর করতে হয় অনেককে। সেটা সোমবার করা যাবে না। এই বিষয়ে শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে বলা হয়েছে, গত সরকারের কাছেও এই দাবিগুলি তোলা হয়েছিল। নতুন সরকারের কাছেও দাবিগুলি রেখেছি। সোমবার মৌলালি রামলীলা পার্ক থেকে মিছিল করে পরিবহণ দপ্তরে যাওয়া হবে। যদি ডেপুটেশন নেওয়া হয়, তাহলে ডেপুটেশন দেওয়া হবে। তাই সমস্ত অ্যাপ ক্যাব চালকদের মিছিলে ডাক দেওয়া হয়েছে।
তাছাড়া সংগঠনের পক্ষ থেকে নানা দাবি তুলে বিজ্ঞপ্তি জারি করেছে সিটু। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভাড়ার পুনর্গঠন করতে হবে, বাণিজ্যিক কাজে প্রাইভেট মোটরবাইক এবং গাড়ি ব্যবহার করা যাবে না, কলকাতায় সিএনজি গ্যাসের সমস্যা মেটাতে হবে, বাণিজ্যিক গাড়ির পলিউশন করার জন্য মোবাইল নম্বর ব্যবহার বন্ধ করতে হবে এবং এসি লাক্সারি ক্যাবের ক্ষেত্রে ভাড়াবৃদ্ধি-সহ একগুচ্ছ দাবিতে সোমবার দিনভর ক্যাব ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কম সময়ে নির্ঝঞ্ঝাটে গন্তব্যে পৌঁছতে অ্যাব ক্যাব ব্যবহার করে থাকেন মানুষজন। তার উপর সারারাত শহরে অ্যাপ ক্যাবের পরিষেবা মেলে। সেটা সোমবার বিঘ্নিত হতে পারে।




