• facebook
  • twitter
  • youtube
Monday, 6 July, 2026

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা?

সোমবার ভোর থেকে এক নাগাড়ে বৃষ্টি হওয়ায় অনেক জায়গায় জল জমেছে। এর ফলে সপ্তাহের শুরুতেই সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা?

Photo: ANI

রাতভর বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সকাল থেকেও কলকাতার একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থেকে কিছুটা রেহাই মিলেছে বঙ্গবাসীর। সোমবার কি সারাদিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলবে? উত্তরবঙ্গে কী পরিস্থিতি? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, রবিবারই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই গভীর নিম্নচাপ সোমবার দুপুরের পরে ওড়িশা ও বঙ্গের উপকূলে প্রবেশ করবে। এর জেরে সমুদ্রও উত্তাল থাকবে বলে মৎস্যজীবীদের আগেই সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ সারাদিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

সোমবার আলিপুর আবহাওয়া দপ্তর পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে সোমবার সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতার আবহাওয়া

সোমবার ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে কোনও জায়গায় ভারী তো কোনও জায়গায় মাঝারি বৃষ্টির দেখা মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, সোমবার সারাদিনই কলকাতায় কম-বেশি বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন কলকাতায় সাধারণত মেঘলা আকাশই থাকবে। তবে সোমবার ভোর থেকে এক নাগাড়ে বৃষ্টি হওয়ায় অনেক জায়গায় জল জমেছে। এর ফলে সপ্তাহের শুরুতেই সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। কলকাতায় আজ সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।