প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে বিজেপির মাসব্যাপী জনসংযোগ কর্মসূচি। একই সঙ্গে গুজরাতের ভাদনগর, মোদীর জন্মস্থান থেকে তাঁর লোকসভা কেন্দ্র বারাণসী পর্যন্ত দু’টি বাইক যাত্রা করা হবে। চলতি বছরই প্রধানমন্ত্রী (Narendra Modi) হিসেবে মোদীর প্রশাসনিক যাত্রার ২৫ বছর পূর্ণ হতে চলেছে।
‘বিজেপির সেবা সংকল্প অভিযান’ চলবে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। এই এক মাসে বিভিন্ন রাজ্যে পরিষেবা প্রদান, পরিচ্ছন্নতা অভিযান, রক্তদান শিবির, বৃক্ষরোপণ এবং জনসংযোগমূলক কর্মসূচি নেওয়া হয়েছে।
২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই ঘটনার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে দু’টি বাইক যাত্রা প্রায় ৪০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে। ১০টি রাজ্যের ১৯৩টি জেলা এবং প্রায় ১,১৫৯টি গ্রাম এই যাত্রার আওতায় থাকবে। প্রায় এক হাজার তরুণ এতে অংশ নেবেন। দুই দলে ৫০০ জন করে অংশগ্রহণকারী বিপরীত দিক থেকে যাত্রা শুরু করবেন এবং ৭ অক্টোবর তা শেষ হওয়ার কথা।
মহা আরতি দিয়ে ভাদনগরে কর্মসূচি শুরু অমিত শাহের
ভাদনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরে কর্মসূচি শুরু হবে সকাল ৮টা ১৫ মিনিটে শর্মিষ্ঠা লেকে মহা আরতির মাধ্যমে। এরপর হাতকেশ্বর মহাদেব মন্দিরে পদযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান হবে। তারপর বাইক যাত্রার সূচনা করা হবে। অনুষ্ঠানে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, রাজ্য বিজেপি সভাপতি বিশ্বকর্মা এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি-সহ একাধিক নেতার উপস্থিত থাকার কথা
১৩ সেপ্টেম্বর থেকেই সোমনাথ, শামলাজি, পাভাগড় এবং উনাই মাতাজি থেকে চারটি যাত্রা ভাদনগরের উদ্দেশে রওনা হয়েছে। যাত্রাপথের নদী, হ্রদ, কুয়ো ও অন্যান্য জলাশয় থেকে সংগ্রহ করা জল ‘জল কলশ রথ’-এ করে ভাদনগরে নিয়ে আসা হচ্ছে।
শর্মিষ্ঠা লেকের জলও এই জলভাণ্ডারে যোগ করা হবে। এরপর হাতকেশ্বর মহাদেব মন্দিরে জলাভিষেক করা হবে। পরে সেই জল নিয়ে রথটি বারাণসীর দিকে যাবে। পথে আরও জল সংগ্রহ করে কাশী বিশ্বনাথ মন্দিরে জলাভিষেকের পরিকল্পনা রয়েছে।
মোদীর ২৫ বছরের প্রশাসনিক যাত্রা স্মরণে ‘সেবা সংকল্প অভিযান’
৯ সেপ্টেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এক মাসব্যাপী এই কর্মসূচির ঘোষণা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে মোদীর ‘সেবা যাত্রা’ শুরু হয়েছিল। গত ২৫ বছর ধরে জনসেবা থেকে জাতীয় সেবার ভাবনাকে সামনে রেখে তাঁর প্রশাসনিক কর্মকাণ্ড এগিয়েছে বলে দাবি বিজেপির।
প্রধানমন্ত্রীর (Narendra Modi) জন্মদিনকে বিজেপি ‘সেবা দিবস’ হিসেবে পালন করে থাকে। সেই ভাবনাকে সামনে রেখেই এবারের ‘সেবা সংকল্প অভিযান’-এ পরিষেবা, উন্নয়ন এবং দলীয় ভাষ্যে ‘রাষ্ট্র নির্মাণ’-কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সরকারি প্রকল্পের বাইরে মহারাষ্ট্রের বিস্মৃত মায়েদের বাস্তব ছবি
রক্তদান শিবির থেকে রান্নাঘরের বাগান
মোদীর (Narendra Modi) জন্মদিন ঘিরে বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই নানা কর্মসূচি শুরু হয়েছে। বারাণসীতে অন্ত্যোদয় পরিষদের জেন-জি শাখার উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রথমবার রক্তদানকারী এবং প্রথমবার ভোট দেওয়া তরুণ-তরুণীরাও এতে অংশ নেন। অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘মোদীজ জেন-জি ব্লাড স্কোয়াড’। আয়োজকদের দাবি, কয়েকজন তরুণ ‘OG’, ‘GOAT’ এবং ‘Legend’-এর মতো শব্দ ব্যবহার করে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
অন্যদিকে, আহমেদাবাদে বুধবার ‘হরিত ঘর–সুস্থ সমাজ’ কর্মসূচির সূচনা করেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। এই উদ্যোগে ৭৬ হাজার রান্নাঘরের বাগানের চারা রোপণের অঙ্গীকার করা হয়েছে। চারা বিতরণের এই উদ্যোগের জন্য ‘গোল্ডেন বুক অব রেকর্ডস’-এর তরফে ওয়ার্ল্ড রেকর্ড শংসাপত্রও দেওয়া হয়েছে।
বিজেপির মাসব্যাপী কর্মসূচিতে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, জল সংরক্ষণ নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়ের মতো কর্মসূচিও থাকছে।
দেখুন: কলকাতার কলামন্দিরে গ্রামীণ সাংবাদিকতা ও পরিবেশ রিপোর্টিংয়ে সেরাদের সম্মান দ্য স্টেটসম্যানের




