ভারত ও আমেরিকার মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায় রয়েছে। ৯৯ শতাংশই সম্পন্ন হয়ে গিয়েছে। আর কয়েকটি বিষয় সমাধান বাকি রয়েছে। বুধবার, ৩ জুন এমনটাই জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর। মুম্বাইয়ে ২০২৬ সিটি ইন্ডিয়া সন্মেলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানিয়েছেন।
আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী, দু’দেশই বাণিজ্য চুক্তির একেবারে চূড়ান্ত পর্যায় রয়েছে। তিনি জানিয়েছেন, দু’দেশের কর্মকর্তারা সক্রিয়ভাবে আলোচনার মাধ্যমে যতদ্রুত সম্ভব এই চুক্তিটি সম্পন্ন করতে চাইছেন। ভারত ও আমেরিকা উভয়পক্ষের জন্যই এই চুক্তি অত্যন্ত লাভজনক বলে ব্যাখা করেছে।
সের্জিও গোর বলেছেন, ‘আজ সকালে আমি ওয়াশিংটন থেকে আসা মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছি। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা বেশকিছুদিন ধরে তাঁদের দলের সঙ্গে দিল্লিতে রয়েছেন আলোচনার জন্য। আমরা এই চুক্তি নিয়ে খুবই আশাবাদী। ৯৯ শতাংশ হয়ে গিয়েছে। বাকি ১ শতাংশের উপরে কাজ চলছে।’ তিনি জানিয়েছেন, বর্তমানে এই চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাই মার্কিন প্রতিনিধিদলের কর্তারা দিল্লিতে ফিরে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিয়ূষ গয়ালের সঙ্গে বৈঠক করবেন।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, প্রায় দেড় মাস ধরে ভারতের সঙ্গে আমেরিকার এই চুক্তি নিয়ে কথোপকথন চলছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নয়াদিল্লির বাণিজ্য চুক্তি হতে প্রায় ১৯ বছর সময় লেগে গিয়েছিল। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ভারত উভয় দেশই এই চুক্তিটি করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, এই চুক্তি দুই দেশের জন্যই লাভজনক হবে। আমরা এই চুক্তির সম্ভাবনা নিয়ে বেশ আশাবাদী।’




