• facebook
  • twitter
  • youtube
Wednesday, 12 August, 2026

মাওবাদী বিস্ফোরণে শহিদ তিন জওয়ান, কাঁকরে মর্মান্তিক ঘটনা

ছত্তিশগড়ের কাঁকর জেলায় ডিমাইনিং অভিযানে আইইডি বিস্ফোরণে তিন জওয়ান শহিদ। মাওবাদী হামলার সন্দেহে তদন্ত শুরু করেছে পুলিশ।

মাওবাদী বিস্ফোরণে শহিদ তিন জওয়ান, কাঁকরে মর্মান্তিক ঘটনা

প্রতিনিধিত্বমূলক চিত্র

ছত্তিশগড়ের কাঁকর জেলায় ডিমাইনিং অভিযানের সময় ভয়াবহ বিস্ফোরণে শহিদ হলেন জেলা রিজার্ভ গার্ডের তিন জওয়ান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাওবাদীদের পুঁতে রাখা বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময়ই এই দুর্ঘটনা।

ঘটনাটি ঘটেছে কাঁকর ও নারায়ণপুর জেলার সীমানা লাগোয়া জঙ্গলে, ছোটে বেঠিয়া থানার অন্তর্গত এলাকায়। সেখানে নিরাপত্তা বাহিনী ডিমাইনিং ও তল্লাশি অভিযান চালাচ্ছিল। সেই সময় লুকিয়ে রাখা বিস্ফোরক আচমকা ফেটে যায়। এই বিস্ফোরণে চার জন জওয়ান গুরুতর জখম হন। তাঁদের মধ্যে তিন জন ঘটনাস্থলেই শহিদ হন। শহিদ জওয়ানদের নাম সুখরাম ভাট্টি, কৃষ্ণ কোমরা ও সঞ্জয় গাধপালে। চতুর্থ জওয়ান পরমানন্দ কোমরা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘গত কয়েক মাস ধরে ওই অঞ্চলে মাওবাদীদের পুঁতে রাখা বহু বিস্ফোরক উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু এ দিনের ঘটনায় ডিমাইনিং চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে যায়।’ জানা গিয়েছে, এই বাহিনী মূলত মাওবাদী বিরোধী অভিযানের জন্যই তৈরি। সম্প্রতি রাজ্যকে মাওবাদী সশস্ত্র কার্যকলাপমুক্ত ঘোষণা করা হলেও এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে এবং আরও তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার পর এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।