• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

‘র‍্যাফ পেলেট গান ব্যবহার করতে পারে তবে…’ বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

পরবর্তীকালে আদালত যাতে সেটা পরীক্ষা করতে পারে, তার জন্য সেই রেকর্ড সংরক্ষণের কথা বলা হয়েছে। সেই সঙ্গে পেলেট গানে আহত আন্দোলনকারীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য দিল্লি সরকারকে আদালত নির্দেশ দিয়েছে।

‘র‍্যাফ পেলেট গান ব্যবহার করতে পারে তবে…’ বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Photo: File photo

পেলেট গান ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চেয়ে দায়ের হওয়া মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল। এদিন কেন্দ্রীয় সরকারকে শীর্ষ আদালত নির্দেশ দিয়ে জানিয়েছে, র‍্যাফের গোলাবারুদ ও অস্ত্র ব্যবহারের সমস্ত রেকর্ড সংরক্ষণ করতে হবে। তবে ব্যতিক্রমী পরিস্থিতিতে র‍্যাফ পেলেট গান ব্যবহার করতে পারে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

বৃহস্পতিবার শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়। অন্যদিকে আবেদনকারীদের মধ্যে প্রাক্তন আইপিএস আধিকারিক যশোবর্ধন আজাদ এবং যন্তর মন্তরের বিক্ষোভে আহত দুই আন্দোলনকারী রয়েছেন। তাঁদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষার নাম করে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে ধাতব পেলেট গান ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক।

এদিন শুনানিতে আদালতের তরফে জানানো হয়, ব্যতিক্রমী পরিস্থিতিতে র‍্যাফ পেলেট গান ব্যবহার করতে পারে। তবে কোনও ঘটনায় সেই পেলেট গান ব্যবহার আদৌ দরকার ছিল কি না, সেটা আদালত খতিয়ে দেখবে। তবে পেলেট গান এখনই নিষিদ্ধ করা যায় কি না, সেটা বলা এখনই সম্ভব নয় বলে জানিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, কোনও প্রতিবাদে যখন দুষ্কৃতীরা প্রবেশ করে, তখন টিয়ার গ্যাস প্রয়োগ বা লাঠিচার্জ করেও ভিড় সামালানো যায় না। তখন পুলিশ দরকার পড়লে গুলি চালাতে পারে। সেক্ষেত্রে পেলেট গান নিষিদ্ধ করা যুক্তিসঙ্গত নয়।

কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে, দিল্লিতে বিক্ষোভের সময় র‍্যাফ যে অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে, সেই অস্ত্র ব্যবহারের নথি, অ্যামিউনিশন লগ-সহ সংশ্লিষ্ট রের্কড সংরক্ষণ করতে হবে। পরবর্তীকালে আদালত যাতে সেটা পরীক্ষা করতে পারে, তার জন্য সেই রেকর্ড সংরক্ষণের কথা বলা হয়েছে। সেই সঙ্গে পেলেট গানে আহত আন্দোলনকারীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য দিল্লি সরকারকে আদালত নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস কাণ্ডকে কেন্দ্র করে প্রতিবাদে সরগরম হয়ে উঠেছিল দিল্লির যন্তর মন্তর। গত ২০ জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সংসদ চলো অভিযান চলাকালীন রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ পেলেট গান থেকে ছররা গুলি ছুঁড়েছিল বলে অভিযোগ উঠেছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, দিল্লির কনট প্লেসে র‍্যাফের এক জওয়ান পেলেট গান থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে সাত রাউন্ড ছররা ছুঁড়েছিলেন। এর মধ্যে পাঁচ রাউন্ড বিক্ষোভকারীদের গায়ে লাগে। দুই রাউন্ড লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে পড়ে যায়।

এরপর ককরোচ জনতা পার্টি (সিজেপি) সূত্রের খবর, পেলেট গান থেকে যে ছররা ছোঁড়া হয়েছে, তাতে তিন জন গুরুতর জখম হয়েছিলেন। সিজেপি সূত্রের খবর, তিনজন গুরুতর জখমের মধ্যে রয়েছেন দিল্লি বিশ্ববিদ্যায়ের একজন ছাত্র সাহিল লোচাব। আউটলুক ম্যাগাজিনের একজন সাংবাদিক ও গুরুগ্রামে কর্মরত ইরশাদ খান। তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে সাহিল লোচাবকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগ, পেলেট গানের আঘাতে তাঁর ডান চোখের মণি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ‘কর্তব্য পালনের সময় নেওয়া যে কোনও সিদ্ধান্তের দায়ভার আমার’, জওয়ানদের পাশে দাঁড়িয়ে বার্তা সিআরপিএফ প্রধানের

এদিকে, ছররা গুলি ছোঁড়ার অভিযোগ অস্বীকার করেছিলেন দিল্লি পুলিশের কর্তারা। তবে দিল্লি পুলিশের এক ডিসিপি পদমর্যাদার অফিসারের নির্দেশেই র‍্যাফ ছররা গুলি ছুঁড়েছিল। পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের হওয়া একটি জেনারেল ডায়েরির নথিতে এই কথাই উল্লেখ করা হয়েছে। এমনটাই দাবি করা হয়েছিল সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-র প্রতিবেদনে। সেই বিতর্কের আবহে নিজের বাহিনীর জওয়ানদের পাশে দাঁড়ান সিআরপিএফ-এর ডিরেক্টর জেনারেল জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। তিনি স্পষ্ট জানিয়েছেন, দায়িত্ব পালনের সময় জওয়ানদের নেওয়া সব সিদ্ধান্তের দায়ভার তিনি নেবেন। এর মধ্যে বৃহস্পতিবার পেলেট গান নিয়ে বড় নির্দেশ দিল শীর্ষ আদালত।