• facebook
  • twitter
  • youtube
Sunday, 30 August, 2026

মুসলিম ছাত্রীদের স্নাতক পর্যন্ত পড়াশোনা বিনামূল্যে, তোষণের রাজনীতির অভিযোগ তামিল ভূমে

অন্যদিকে তামিলনাড়ু সরকার মনে করছে, এই সিদ্ধান্তের ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের উচ্চশিক্ষা জীবনে বাধা হয়ে দাঁড়াবে না

মুসলিম ছাত্রীদের স্নাতক পর্যন্ত পড়াশোনা বিনামূল্যে, তোষণের রাজনীতির অভিযোগ তামিল ভূমে

CM Thalapati Vijay Photo-SNS

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। শুধু তাই নয়, রীতিমতো সংখ্যালঘু তোষণ করছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থলপতি বলে অভিযোগ উঠতে শুরু করেছে। কারণ তামিল ভূমে মুসলিম ছাত্রীদের উচ্চশিক্ষা বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার নেপথ্যে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক আছে বলে অভিযোগ বিরোধীদের। সংখ্যালঘু উন্নয়নের নামে রীতিমতো তোষণ করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। ধর্ম বেছে বেছে সরকারি প্রকল্প ঘোষণা করা হচ্ছে বলেও অভিযোগ।

এদিকে ক্ষমতায় আসার চার মাসের মধ্যে বিতর্কের মুখে পড়েছেন থলপতি বিজয়। তামিলনাড়ু সরকারের ঘোষিত এক সিদ্ধান্তে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বিজয়ের সরকার ঘোষণা করেছে, তামিলনাড়ুতে এবার থেকে মুসলিম ছাত্রীদের স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা হবে সম্পূর্ণ বিনামূল্যে। তামিলনাড়ু সরকারের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী এএম শাহজাহান ঘোষণা করেছেন, তামিলনাড়ুর সমস্ত সরকারি, আধা সরকারি এবং সরকারি কোটায় ভর্তি হওয়া বেসরকারি কলেজে মুসলিম ছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবেন। এই ঘোষণার পর থেকেই সংখ্যালঘু সমাজে খুশির হাওয়া বইতে শুরু করলেও এমন কাজ মেনে নিতে রাজি নন বিরোধীরা।

অন্যদিকে তামিলনাড়ু সরকার মনে করছে, এই সিদ্ধান্তের ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের উচ্চশিক্ষা জীবনে বাধা হয়ে দাঁড়াবে না. এমনকী মুসলিম মেয়েরা শিক্ষিত হলে তাঁদের পরবর্তী প্রজন্মও শিক্ষিত হবে। আখেরে তাতে সমাজের উন্নতিই ঘটবে। তার সঙ্গে বিনামূল্যে শিক্ষা পেয়ে মুসলিম মেয়েরা কর্মসংস্থানের পথে এগোতে পারবে। সুতরাং আর্থ-সামাজিক প্রেক্ষাপটে এই পদক্ষেপ অত্যন্ত যুগান্তকারী। স্নাতক স্তর পর্যন্ত আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, কৃষি এবং আইন পড়াশোনার জন্য মুসলিম ছাত্রীদের কোনওরকম ফি কলেজ-বিশ্ববিদ্যালয়ে দিতে হবে না। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ২০ কোটি টাকা।

তাছাড়া আগে ওয়াকফ স্কলারশিপ রাজ্যের প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা পেত। সেটা এবার দশম শ্রেণি পর্যন্ত উন্নীত করে দেওয়া হয়েছে। তবে শুধু মুসলিমদের কথা ভাবা হয়নি। থলপতি বিজয়ের সরকার সূত্রে খবর, রাজ্যে সংখ্যালঘু মহিলাদের শিক্ষার হার বাড়াতে চেন্নাইতে পৃথক একটি কলেজ গড়বে তামিলনাড়ু ওয়াকফ বোর্ড। খ্রিষ্টান এবং মুসলিম সম্প্রদায়ের নিজের আয় বৃদ্ধি করার জন্য ওয়াকফ এবং চার্চের সম্পত্তিতে কমিউনিটি হল এবং বাণিজ্যিক কমপ্লেক্স গড়ে তোলা হবে। কিন্তু প্রশ্ন উঠছে, হিন্দু সম্প্রদায়ের মধ্যেও বহু প্রান্তিক, আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলা আছেন। তাঁরা কেন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না? একাধিক হিন্দু সংগঠন বিজয়ের সিদ্ধান্তে আপত্তি তুলেছেন বলে খবর।