আসামের পুনর্নির্বাচিত মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার গুয়াহাটি পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিমানবন্দরে তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী ও সমর্থকরা। ফুলের তোড়া, দলীয় পতাকা এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা বিমানবন্দর চত্বর।
বিমানবন্দরে নামতেই বিজেপি কর্মী-সমর্থকেরা শুভেন্দু অধিকারীকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাঁকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত সমর্থকদের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেই সময় তাঁকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল।
Advertisement
এর পর বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আসামে ফের বিজেপির সরকার গঠন এবং ডঃ হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে দলের জয়ের ধারা বজায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। উন্নয়ন, সুশাসন এবং জনসংযোগের রাজনীতির ফলেই মানুষ ফের বিজেপির উপর আস্থা রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি।
Advertisement
শুভেন্দু অধিকারী আরও বলেন, উত্তর-পূর্ব ভারতে বিজেপির সাংগঠনিক শক্তি যেভাবে বৃদ্ধি পেয়েছে, তা দেশের রাজনৈতিক ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে। আসামের উন্নয়ন মডেল আগামী দিনে অন্য রাজ্যগুলির কাছেও উদাহরণ হয়ে উঠতে পারে বলেও তাঁর দাবি।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ডঃ হিমন্ত বিশ্বশর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে গুয়াহাটিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির একাধিক শীর্ষ নেতা, মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। রাজনৈতিক মহলের মতে, এই অনুষ্ঠান শুধু প্রশাসনিক নয়, বিজেপির শক্তিপ্রদর্শনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
Advertisement



