প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের বিপুল সম্পত্তি ঘিরে পারিবারিক বিরোধে গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। তাঁর প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুরের সন্তান সমাইরা কাপুর ও কিয়ান কাপুরের আবেদনের ভিত্তিতে আদালত জানিয়ে দিয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তির কোনও অংশে পরিবর্তন বা হস্তান্তর করা যাবে না।
বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, মৃত ব্যক্তির সম্পত্তি অক্ষত রাখা জরুরি। কারণ, তথাকথিত উইল ঘিরে ‘সন্দেহজনক পরিস্থিতি’ তৈরি হয়েছে বলে দাবি করেছে বাদীপক্ষ। সমাইরা ও কিয়ানের পাশাপাশি সঞ্জয় কাপুরের মা রানি কাপুরও এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। আদালত স্পষ্ট করে দেয়, এই সন্দেহ দূর করার দায় বর্তায় বর্তমান স্ত্রী প্রিয়া কাপুরের উপর। প্রসঙ্গত, ২০২৫ সালের জুন মাসে যুক্তরাজ্যে পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে মৃত্যু হয় সঞ্জয় কাপুরের।
Advertisement
আদালতের নির্দেশ অনুযায়ী, সঞ্জয় কাপুরের ভারতীয় সংস্থাগুলির অংশীদারিত্ব কাঠামোয় কোনও পরিবর্তন, শেয়ার বিক্রি বা বন্ধক রাখা যাবে না। একই সঙ্গে প্রভিডেন্ট ফান্ড থেকে অর্থ তোলা, ব্যক্তিগত সামগ্রী, শিল্পকর্ম বা ক্রিপ্টো সম্পদ বিক্রির উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে বিবাহবিচ্ছেদের চুক্তি অনুযায়ী সন্তানের প্রয়োজনীয় খরচ মেটাতে অর্থ তোলার অনুমতি রয়েছে।
Advertisement
এই মামলায় প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে দাবি জানিয়েছেন সমাইরা ও কিয়ান। ২০২৫ সালের ২১ মার্চের একটি উইলকে চ্যালেঞ্জ করে তারা জানিয়েছে, সেটি জাল এবং একটি ‘অপরাধমূলক ষড়যন্ত্র’-এর ফল। তাঁদের অভিযোগ, ওই উইলের মাধ্যমে তাঁদের এবং তাঁদের ঠাকুমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে।
বাদীপক্ষের দাবি, ছেলের সঙ্গে ছুটিতে থাকাকালীন সময়েই নাকি ওই উইলে কারচুপি করা হয়েছিল। এমনকি যিনি এই পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ, তাঁকে সঞ্জয়ের মৃত্যুর একদিন পরই সংস্থার পরিচালক করা হয়। আইন অনুযায়ী, প্রথম শ্রেণির উত্তরাধিকারী হিসেবে সমাইরা ও কিয়ান প্রত্যেকে সম্পত্তির এক-পঞ্চমাংশ দাবি করেছেন। তাঁদের বক্তব্য, বাবার সঙ্গে তাঁদের সম্পর্ক স্বাভাবিক ছিল এবং নিয়মিত যোগাযোগ বজায় ছিল।
এদিকে, এই বিরোধের মাঝেই মানহানির মামলাও সামনে এসেছে। পৃথক শুনানিতে আদালত প্রিয়া কাপুর এবং সঞ্জয়ের বোন মন্ধিরা কাপুর স্মিথকে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। আদালত জানায়, চলতি মামলার সময়ে উভয় পক্ষকে সংযম বজায় রাখতে হবে।
Advertisement



