কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিকে শিবকুমার। ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে এদিন কংগ্রেসের পরিষদীয় দলনেতা শপথ নেন। বুধবার বিকেল ৪টের সময় বেঙ্গালুরুর লোকভবনের গ্লাস হাউসে রাজ্যপাল থাবরচাঁদ গহলৌত তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
এদিন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দলিতে নেতা জি পরমেশ্বর। ১২ জন মন্ত্রীর মধ্যে রয়েছেন মল্লিকার্জুন পুত্র প্রিয়ঙ্ক খাড়্গে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পুত্র যতীন্দ্র, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেএইচ মুনিয়াপ্পা এবং প্রভাবশালী অনগ্রসর নেতা সতীশ জারকিহোলি। ৬৪ বছরের শিবকুমার শপথ নিয়েছেন টুমকুর জেলার ননভিনকর গঙ্গাধর অজ্ঝয়া ভোক্কালিগা মঠের সাধকের নামে।
গত সপ্তাহে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এরপরে প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমারকে সর্বসম্মতবাবে কংগ্রেস পরিষদীয় দলের নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়। তবে মুখ্যমন্ত্রীত্ব ছাড়লেও সিদ্দারামাইয়া সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন। সূত্রের খবর, কংগ্রেসের তরফে তাঁকে কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি বা রাজ্যসভার সাংসদের পদের জন্য বলা হয়েছিল। তবে তিনি হাইকমান্ডকে সাফ জানিয়ে দিয়েছেন, সংসদের উচ্চকক্ষে তিনি যাচ্ছেন না।




