সেমিকন্ডাক্টর উৎপাদনে চিন-সহ অন্য দেশগুলির উপর নির্ভরতা কমিয়ে দেশে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও উৎপাদন পরিকাঠামো গড়ে তুলতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। ভারতে চিপ উৎপাদনের পরিধি বাড়ানোর পাশাপাশি দেশীয় নকশা, মেধাস্বত্ব, যন্ত্রপাতি, কাঁচামাল, উন্নত প্যাকেজিং, গবেষণা এবং দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘সেমিকন ২.০’ (Semicon 2.0) প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। সোমবারের এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ১ লক্ষ ২৭ হাজার ৫০০ কোটি টাকার এই কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে।
গত ১৫ জুলাই কেন্দ্রীয় মন্ত্রীসভা ‘সেমিকন ২.০’ (Semicon 2.0) -তে অনুমোদন দিয়েছিল। এবার বিজ্ঞপ্তিতে প্রকল্পটি বাস্তবায়নের পদ্ধতি, বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সহায়তার পরিকাঠামো এবং কোন ধরনের সংস্থা এই সুবিধা পাওয়ার যোগ্য হবে তার বিস্তারিত রূপরেখা দেওয়া হয়েছে।
কেন্দ্রের লক্ষ্য শুধু দেশে চিপ তৈরি করা নয়, তার সঙ্গে যুক্ত গোটা ‘ইকোসিস্টেম’কেই শক্তিশালী করে তোলা। চিপের নকশা ও প্রযুক্তি থেকে শুরু করে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও উপকরণ তৈরি, প্যাকেজিং, গবেষণা এবং দক্ষ কর্মী তৈরির ব্যবস্থা একই পরিকাঠামোর মধ্যে আনতে চায় সরকার। এর ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় সেমিকন্ডাক্টর শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
তথ্যপ্রযুক্তি সচিব এস কৃষ্ণন বলেন, ভারতের সেমিকন্ডাক্টর শিল্পকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার এটিই উপযুক্ত সময়। তাঁর কথায়, ‘সেমিকন ২.০’ (Semicon 2.0) -এর লক্ষ্য শুধু স্বনির্ভরতা অর্জন নয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম একটি শক্তিশালী শিল্প গড়ে তোলা।
আরও পড়ুন: জিডিপি বৃদ্ধি নিয়ে ভিডিও বার্তা মোদীর, রাহুলকে তোপ
বিশ্ব জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়তে থাকায় অত্যাধুনিক চিপ ও মেমোরি সেমিকন্ডাক্টরের (Semicon 2.0) চাহিদা বেড়েছে। পাশাপাশি ভূ-রাজনৈতিক টানাপোড়েনের কারণে নির্দিষ্ট কয়েকটি দেশ বা অঞ্চলের উপর অতিরিক্ত নির্ভরতা বিশ্বব্যাপী পণ্য সরবরাহ ব্যবস্থার ঝুঁকি বাড়িয়ে তুলেছে। ফলে আমেরিকা, ইউরোপ-সহ বিভিন্ন দেশ বিকল্প সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। এই পরিস্থিতিকেই কাজে লাগিয়ে ভারতকে একটি শক্তিশালী, স্বনির্ভর এবং বিশ্বমানের সেমিকন্ডাক্টর (Semicon 2.0) উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে কেন্দ্র।
দেখুন:




