পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে জোড়াই মোড় নাকা চেকিং পয়েন্টে পশ্চিমবঙ্গের নম্বর প্লেটযুক্ত একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি ব্যাগে থাকা ৫৭ হাজার ৭০০ টাকা উদ্ধার হয়। গাড়ির যাত্রী দার্জিলিঙের বাসিন্দা বীরেন্দ্র সাহা ওই টাকার কোনও বৈধ কাগজ দেখাতে না পারায় তাঁকে আটক করা হয় এবং টাকা বাজেয়াপ্ত করা হয়।
Advertisement
একই সময় সংকোশ নাকা চেকিং পয়েন্টে আরও একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করে পুলিশ। গাড়ির মালিক কুমারগ্রামের বাসিন্দা বিকাশ সাহাও টাকার কোনও নথি দেখাতে পারেননি। তাকেও আটক করা হয়েছে।
Advertisement
এরপর সোমবার সকালে একই চেকপোস্টে আসামের নম্বর প্লেটের একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় আরও ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা। গাড়ির চালক টোটন ভৌমিকও কোনও বৈধ নথি দেখাতে না পারায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সঠিক কাগজপত্র ছাড়া নির্দিষ্ট সীমার বেশি নগদ বহন করা আইনত দণ্ডনীয়। তাই তিনটি ঘটনাতেই উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, এই বিপুল পরিমাণ নগদ অর্থ নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করা হচ্ছিল কিনা। উল্লেখ্য, সম্প্রতি আলিপুরদুয়ার ও কলকাতায় বিপুল নগদ টাকা উদ্ধার হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের আগে এই ধরনের তল্লাশি অভিযান আরও জোরদার করা হবে।
Advertisement



