• facebook
  • twitter
Tuesday, 10 February, 2026

হিংসা ছড়ানোর অভিযোগে হিমন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

তাঁদের দাবি, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত একের পর এক মুসলিম-বিরোধী যে মন্তব্য করে চলেছেন তা সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী

বিভাজন সৃষ্টি এবং হিংসা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।  ১২ জন সমাজকর্মী এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। তাঁদের দাবি, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত একের পর এক মুসলিম-বিরোধী যে মন্তব্য করে চলেছেন তা সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী। তাই এ বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করুক শীর্ষ আদালত।

হিমন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া ওই মামলায় সমাজকর্মীরা অভিযোগ করেছেন, আসামে বিধানসভা নির্বাচনের আগে সে রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক মুসলিম-বিরোধী মন্তব্য করে চলেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এ ধরনের মন্তব্য করা যায় না, সে কথা হিমন্ত ভুলে গিয়েছেন। তাঁর এ ধরনের মন্তব্য গোটা সমাজে বিভাজন তৈরি করছে। সাম্প্রদায়িক বিদ্বেষ ও হিংসা ছড়াচ্ছে। যা কখনওই ঠিক নয়।

Advertisement

তাই সর্বোচ্চ আদালত অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করুক। ওই মামলায় আরও দাবি করা হয়েছে, সরকারি পদে থাকা ব্যক্তিরা বিভিন্ন সময়ে এ ধরনের ‘উসকানিমূলক’ মন্তব্য করে চলেছেন। হিমন্তের মতোই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও একাধিকবার এ ধরনের মন্তব্য করেছেন। কাকতালীয়ভাবে এঁরা সকলেই বিজেপি সদস্য।

Advertisement

মঙ্গলবার ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত কিছুটা কটাক্ষের সুরে বলেন, নির্বাচন যত এগিয়ে আসে ততই ভোটের লড়াইয়ের কিছুটা অংশ সুপ্রিম কোর্টে সেরে নেওয়া হয় । এটা এক বড় সমস্যা হয়ে উঠেছে। উল্লেখ্য, চলতি বছরে দেশের চার রাজ্য পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু ও আসামের সঙ্গেই কেন্দ্রশাসিত অঞ্চল পণ্ডিচেরীতে বিধানসভা নির্বাচন রয়েছে।

সম্প্রতি আসামে বিজেপির সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে হিমন্তের ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ ভিডিওটি ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, হিমন্ত বিশ্বশর্মা টুপি পরা দুই ব্যক্তির দিকে রাইফেল তাক করে রয়েছেন। ভিডিওর ক্যাপশন ছিল ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক শট’। ওই ভিডিওতে ‘বাংলাদেশিদের জন্য কোনও ক্ষমা নেই’, ‘বিদেশিমুক্ত আসাম’-এ ধরনের বাক্য শোনা গিয়েছে। তবে প্রবল চাপে পড়ে পদ্ম শিবির দ্রুত সেই ভিডিও মুছে ফেলে।

যদিও তাতে বিতর্ক পিছু ছাড়েনি বিজেপির।  হিমন্তের ওই ভিডিও নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি পুলিশের কাছে হিমন্তের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। তবে এত সবের পরেও হিমন্ত নিজের অবস্থান থেকে সরতে নারাজ।  তিনি স্পষ্ট ভাষায় পাল্টা বলেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে তাঁর অবস্থান কোনওভাবেই বদলাবে না।

Advertisement