• facebook
  • twitter
  • youtube
Friday, 26 June, 2026

১৪ বছর পর বাড়ল পাসপোর্টের খরচ, ১ জুলাই থেকে ফি বৃদ্ধি

নতুন নিয়ম অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সিদের জন্য ৩৬ পাতার নতুন বা পুনর্নবীকরণ পাসপোর্টের সাধারণ ফি ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে

১৪ বছর পর বাড়ল পাসপোর্টের খরচ, ১ জুলাই থেকে ফি বৃদ্ধি

১৪ বছর পর পাসপোর্টের আবেদনের ফি বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের জারি করা পাসপোর্ট(সংশোধনী) বিধি ২০২৬ অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন ফি কাঠামো কার্যকর হবে। ফলে ওই তারিখ বা তার পরে জমা পড়া সমস্ত আবেদনের ক্ষেত্রেই সংশোধিত ফি প্রযোজ্য হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সিদের জন্য ৩৬ পাতার নতুন বা পুনর্নবীকরণ পাসপোর্টের সাধারণ ফি ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। তৎকাল পরিষেবায় এই পাসপোর্টের জন্য আবেদন করতে খরচ হবে ৫ হাজার টাকা। যা আগে ছিল ৩,৫০০ টাকা। ৬০ পাতার পাসপোর্টের ক্ষেত্রেও ফি বৃদ্ধি করা হয়েছে। সাধারণ আবেদন ২ হাজার টাকার পরিবর্তে ৩ হাজার ৫০০ টাকা এবং তৎকাল পরিষেবায় ৪ হাজার টাকার বদলে ৬ হাজার টাকা দিতে হবে।

হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত পাসপো্রটের পরিবর্তে নতুন পাসপোর্ট পেতেও এবার বেশি টাকা দিতে হবে। ৩৬ পাতার পাসপোর্ট ক্ষতিগ্রস্ত বা হারানো পাসপোর্ট বদলানোর খরচ সাধারণ ক্যাটাগরিতে ৫ হাজার টাকা এবং তৎকাল পরিষেবায় ৭ হাজার ৫০০ টাকা দিতে হবে। অন্যদিকে ৬০ পাতার ক্ষেত্রে এই ফি যথাক্রমে ৬ হাজার টাকা এবং ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নাবালকদের জন্যও ফি সংশোধন করা হয়েছে। ১৮ বছরের কম বয়সিদের ৩৬ পাতার নতুন বা পুনর্নবীকরণ পাসপোর্টের সাধারণ ফি হবে ১ হাজার ৭৫০ টাকা। হারানো বা ক্ষতিগ্রস্ত পাসপোর্টের বদলে নতুন পেতে সাধারণ বিভাগে ৪ হাজার ২৫০ টাকা এবং তৎকাল পরিষেবায় ৬ হাজার ৭৫০ টাকা দিতে হবে।

পাসপোর্ট আইন, ১৯৬৭-এর ২৪ নম্বর ধারা অনুযায়ী গত ২০ জুন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ১ জুলাই বা তারপর থেকে জমা হওয়া সমস্ত পাসপোর্ট আবেদনের ক্ষেত্রেই এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।

এছাড়াও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC), সারেন্ডার সার্টিফিকেট, গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম ভেরিফিকেশন-সহ বিভিন্ন পাসপোর্ট-সংক্রান্ত শংসাপত্রের ফি ভারতে ৭৫০ টাকা এবং বিদেশে ৪০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০১২ সালের পর এই প্রথম পাসপোর্টের ফি কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হল।