• facebook
  • twitter
Tuesday, 19 May, 2026

ভারতের নাগরিকত্ব পেতে পাসপোর্টে নতুন নিয়ম, সংশোধন ২০০৯ সালের বিধি

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে এসে নাগরিকত্বের আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের নিজেদের দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে হ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে সংশোধন করেছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে এসে নাগরিকত্বের আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের নিজেদের দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে হবে এবং একটি ঘোষণাপত্র বা ডিক্লারেশন জমা দিতে হবে।

বিধি সংশোধনের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে, ভারতের নাগরিকত্বের জন্য আবেদনকারী কোনও বাংলাদেশি, পাকিস্তানি বা আফগানের কাছে নিজের দেশের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা চলবে না। যদি কোনও আবেদনকারীর কাছে এখনও বৈধ পাসপোর্ট থাকে, তবে তাঁকে সেই পাসপোর্টের নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদ সম্পর্কিত সমস্ত তথ্য সরকারকে জানাতে হবে। পাশাপাশি লিখিতভাবে প্রতিশ্রুতি দিতে হবে যে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে তিনি নিজের কাছে থাকা বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংশ্লিষ্ট ডাক বিভাগের সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দেবেন।

Advertisement

এই নতুন অনুচ্ছেদটি ২০০৯ সালের নাগরিকত্ব বিধির ১সি তফসিলের পরে যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ওই তফসিলটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য।

Advertisement

প্রসঙ্গত, ২০১৯ সালে কেন্দ্র সরকার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করেছিল। সেই আইনে বলা হয়, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আসা নথিহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। এবার ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে নতুন সংশোধন এনে আবেদন প্রক্রিয়াকে আরও নির্দিষ্ট ও নিয়মবদ্ধ করল কেন্দ্রীয় সরকার।

Advertisement