• facebook
  • twitter
  • youtube
Tuesday, 9 June, 2026

লালকেল্লা বিস্ফোরণ মামলায় ১০ অভিযুক্তের বিরুদ্ধে ৭৫০০ পাতার চার্জশিট এনআইএ-র

এই মামলায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আরও কিছু অভিযুক্ত পলাতক রয়েছে এবং তদন্ত এখনও চলছে।

লালকেল্লা গাড়ি বোমা বিস্ফোরণ মামলায় বড় পদক্ষেপ নিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। দিল্লির পটিয়ালা হাউস কোর্টে এনআইএ-র বিশেষ আদালতে ১০ জন অভিযুক্তের বিরুদ্ধে ৭৫০০ পাতার চার্জশিট দাখিল করা হয়েছে। গত বছরের ১০ নভেম্বর দিল্লির লালকেল্লা এলাকায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছিল এবং বহু মানুষ আহত হন। ঘটনায় আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছিল।

চার্জশিটে মৃত মূল অভিযুক্ত ডঃ উমর উন নবি-সহ মোট ১০ জনের নাম রয়েছে। এনআইএ-র দাবি, তিনি জঙ্গি সংগঠন আনসার গজওয়াত-উল-হিন্দ-এর সঙ্গে যুক্ত ছিলেন, যা আল-কায়দার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত।

এই মামলায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, বিস্ফোরক আইন, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তে জম্মু-কাশ্মীর, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। এনআইএ জানিয়েছে, তদন্তে শতাধিক নথি, সাক্ষ্য ও ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

সংস্থার দাবি, অভিযুক্তরা দেশজুড়ে নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল। তদন্তে ফরেনসিক পরীক্ষা, ডিএনএ বিশ্লেষণ ও ভয়েস অ্যানালিসিসের মাধ্যমে গোটা নেটওয়ার্কের তথ্য সামনে এসেছে।

এনআইএ সূত্রে খবর, এই মামলায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আরও কিছু অভিযুক্ত পলাতক রয়েছে এবং তদন্ত এখনও চলছে।