চাঞ্চল্যকর ঘটনায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে তাঁকে চলন্ত লোকাল ট্রেনের সামনে ঠেলে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে গেলেও শেষ পর্যন্ত গুজরাতে গিয়ে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রাজকুমার গুপ্তা পেশায় বিদ্যুৎ মিস্ত্রি। তাঁর স্ত্রী পুষ্পা গুপ্তার সঙ্গে প্রায়ই পারিবারিক অশান্তি চলত। গত ১৪ মার্চ সকালে মুলুন্ড স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন পুষ্পা। সেই সময় হঠাৎই তাঁকে সামনে আসা লোকাল ট্রেনের দিকে ঠেলে দেন রাজকুমার।
Advertisement
ঘটনার পরেই দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। প্রথমে ঠাণে হয়ে সিএসমটি, তারপর দাদর এবং সেখান থেকে বিরার পর্যন্ত লোকাল ট্রেনে পালানোর চেষ্টা করে সে। পরে বিরার থেকে গুজরাতগামী ট্রেনে উঠে যায় বলে জানতে পারে পুলিশ। তদন্তের ভিত্তিতে দ্রুত গুজরাতের সুরাটে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে রেল পুলিশ। মৃতার ভাই কমলেশ কুমার গুপ্তা, যিনি সেনাবাহিনীতে কর্মরত, জানান, দিদির সঙ্গে জামাইবাবুর প্রায়ই ঝগড়া হত। তিনি বোন ও তার ছেলেকে গ্রামে নিয়ে যেতে মুম্বাই এসেছিলেন।
Advertisement
ঘটনার দিন ঝগড়ার পর পুষ্পা থানায় যান। পরে তিনজন মিলে স্টেশনে পৌঁছন। কিন্তু নিজের পরিচয়পত্র আনতে বাড়ি ফিরে গেলে অভিযুক্ত তাঁদের ঘরে আটকে দেয় বলে অভিযোগ। এরপর একাই স্টেশনে গিয়ে পুষ্পাকে ট্রেনের সামনে ঠেলে দেয় রাজকুমার।
স্টেশনে উপস্থিত যাত্রীরা সঙ্গে সঙ্গে খবর দিলে রেল কর্তৃপক্ষ পুষ্পাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি স্টেশনের নজরদারি ক্যামেরায় ধরা পড়েছে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে।
Advertisement



