• facebook
  • twitter
Monday, 20 April, 2026

বিধায়ক-পুত্রের গাড়ি দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, পুলিশ আধিকারিককে হুমকির অভিযোগ

বিধায়কের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি পুলিশ আধিকারিককে কড়া ভাষায় সতর্ক করে দেন। একপেশে তদন্ত হলে তার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় একটি গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, পিছোরের বিজেপি বিধায়ক প্রীতম লোধি নিজের ছেলের পক্ষে দাঁড়িয়ে এক পুলিশ আধিকারিককে হুমকি দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সূত্রপাত ১৬ এপ্রিল। অভিযোগ, বিধায়ক-পুত্র দীনেশ লোধি কারেরায় একটি এসইউভি নিয়ে পাঁচজন পথচারীকে ধাক্কা মারেন। দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই পাঁচজনই। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে দীনেশ দাবি করেন, তাঁর গাড়িতে নীলবাতি ও ‘এমএলএ’ লেখা ছিল। তবুও পথচারীরা সরে যাননি। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে তাঁর দাবি।

Advertisement

এই ঘটনার তদন্তে এগোতেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শিবপুরী জেলার কারেরার মহকুমা পুলিশ আধিকারিক আয়ুষ জাখর অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিতেই বিতর্ক শুরু হয়। অভিযোগ, সেই সময় বিধায়ক প্রীতম লোধি সরাসরি ওই পুলিশ আধিকারিককে হুমকি দেন। তিনি প্রশ্ন তোলেন, ‘কারেরা কি এসডিপিওর বাবার সম্পত্তি?’ একই সঙ্গে তিনি জানান, তাঁর ছেলে এই এলাকাতেই থাকবে এবং ভবিষ্যতে নির্বাচনেও অংশ নেবে।

Advertisement

বিধায়কের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি পুলিশ আধিকারিককে কড়া ভাষায় সতর্ক করে দেন। একপেশে তদন্ত হলে তার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন। এই মন্তব্য ঘিরে প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশের নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিরোধী মহলের দাবি, একজন জনপ্রতিনিধির এমন আচরণ আইন-শৃঙ্খলার ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করে। অন্যদিকে, ঘটনার আগে বিধায়ক নিজেই জানিয়েছিলেন, ‘আইন আইনের পথেই চলবে। সাধারণ মানুষের স্বার্থই সবার আগে।’ তবে ছেলের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাঁর অবস্থান বদলে যাওয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement