• facebook
  • twitter
Sunday, 29 March, 2026

‘স্বার্থপর রাজনীতি’ না করার বার্তা মোদীর

পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের বন্ধু দেশগুলিকেও বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন

প্রতিনিধিত্বমূলক চিত্র

পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের ফলে ‘কঠিন পরিস্থিতি’ তৈরি হয়েছে। তা মোকাবিলা করার জন্য সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নিজের রেডিও শো ‘মন কি বাত’-এ তিনি বলেন,  স্বার্থপর রাজনীতি করার সময় এখন নয়, কারণ দেশের ১৪০ কোটি জনগণের স্বার্থ ঝুঁকিতে রয়েছে। নাম না নিয়ে বিরোধী দলগুলিকে এই বার্তা দিয়েছেন মোদী। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের বন্ধু দেশগুলিকেও বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন।

মোদী উল্লেখ করেন, ‘গত এক মাস ধরে আমাদের প্রতিবেশী অঞ্চলে সঙ্কটময় যুদ্ধ চলছে। এটি নিশ্চিতভাবেই কঠিন সময়। এই পরিস্থিতিতে সকল দেশবাসীকে একসঙ্গে হাত মেলানোর অনুরোধ করছি। যারা রাজনীতি করছেন, তাদের এখনই থেমে যাওয়া উচিত।‘ তিনি নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, ‘সরকার নিয়মিত যে তথ্য দিচ্ছে, তাতেই ভরসা রাখুন। গুজব দেশের বড় ক্ষতি করছে।‘

Advertisement

প্রধানমন্ত্রী অতীতে ভারতের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু প্রতিকূলতা জয় করার উদাহরণ টেনে বলেন, এই সঙ্কটও একইভাবে পার করা সম্ভব। উপসাগরীয় অঞ্চলে কর্মসূত্রে থাকা লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকের জন্য মোদী দেশগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ওরা এক কোটির বেশি ভারতীয়কে এই কঠিন সময়ে সহায়তা করছে।‘ বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক এই সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Advertisement

মোদী আরও জানান, পশ্চিম এশিয়া ভারতের জ্বালানি চাহিদার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সাম্প্রতিক যুদ্ধের কারণে বিশ্বব্যাপী পেট্রল ও ডিজেলের সঙ্কট তৈরি হয়েছে, কিন্তু ভারত সাহসীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করছে। তিনি বলেন, ‘গত এক দশকে অর্জিত শক্তি এবং আন্তর্জাতিক সমর্থনের কারণে আমরা সঙ্কট সামলাতে পারছি।‘

তিনি করোনা অতিমারির অভিজ্ঞতাও স্মরণ করিয়ে দেন এবং বলেন, সেসময় পৃথিবী উন্নয়নের পথে ফিরে যাবে বলে আশা করা হয়েছিল, কিন্তু বাস্তবে যুদ্ধ ও সংঘাত বারবার নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। মোদী পশ্চিম এশিয়ার সব দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে ফোনে যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে আলোচনা চালাচ্ছেন।

 

Advertisement