• facebook
  • twitter
Tuesday, 28 April, 2026

সিকিমে কচিকাঁচাদের সঙ্গে ‘ফুটবলার’ মোদী

মঙ্গলবার সকালে  গ্যাংটকের এক মনোরম পরিবেশে তরুণ ফুটবলারদের সঙ্গে মাঠে নেমে পড়েন তিনি

নীল জার্সি ও কালো ট্র্যাকসুট পরে ফুটবল মাঠে নেমে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রতিপক্ষ খেলোয়াড়দের কাটিয়ে বল নিয়ে গোলমুখে পৌঁছে জোরালো শটে গোল করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত সকলে। যিনি কিছুদিন আগেও রাজনৈতিক ময়দানে ব্যস্ত ছিলেন, তিনিই এবার সিকিমে শিশু-কিশোরদের সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠে এক অন্য ছবি তুলে ধরলেন।

সিকিম রাজ্যের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বছরব্যাপী উৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে সিকিম সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে  গ্যাংটকের এক মনোরম পরিবেশে তরুণ ফুটবলারদের সঙ্গে মাঠে নেমে পড়েন তিনি। খেলায় অংশ নিয়ে শিশুদের সঙ্গে সহজভাবে মিশে যান, হাই-ফাইভ করেন এবং তাদের উৎসাহ দেন। প্রধানমন্ত্রীর এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দা ও কচিকাঁচারা।

Advertisement

এই অভিজ্ঞতার কথা তিনি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ারও করেন। মোদী লেখেন, গ্যাংটকের সুন্দর সকালে তরুণ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার আনন্দই আলাদা। পাশাপাশি শিশুদের উদ্দেশে বার্তা দেন—খেলাধুলো আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং ঐক্য গড়ে তোলে, আর তা শরীরচর্চা, বন্ধুত্ব ও আনন্দ বাড়াতে সাহায্য করে।

Advertisement

এর আগে সোমবার সিকিমে পৌঁছে প্রধানমন্ত্রী একটি বর্ণাঢ্য রোড শো-তে অংশ নেন। মঙ্গলবার পালজোর স্টেডিয়ামে  আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেন তিনি। সেখান থেকেই একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বিভিন্ন উদ্যোগের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সব মিলিয়ে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এই সফরে মানবিক ও অনুপ্রেরণামূলক এক দিক তুলে ধরলেন প্রধানমন্ত্রী, যা বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে রইল।

 

 

Advertisement